উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীতে বুলডোজার দিয়ে আ.লীগ অফিস গুঁড়িয়ে দিল ক্ষুব্ধ বিক্ষোভকারীরা

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৩২ পূর্বাহ্ণ
রাজশাহীতে বুলডোজার দিয়ে আ.লীগ অফিস গুঁড়িয়ে দিল ক্ষুব্ধ বিক্ষোভকারীরা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবরে ক্ষোভে ফুঁসে উঠেছে রাজশাহী। তার মৃত্যুর প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে বিশাল মিছিল নিয়ে নগরের জিরো পয়েন্টে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় বিক্ষুব্ধ আন্দোলনকারীরা বুলডোজার দিয়ে  রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও গুঁড়িয়ে দেন।

এর আগে, হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে খণ্ড খণ্ড মিছিল বের হয়। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসের জোহা চত্বরে জড়ো হন। সেখান থেকে মিছিলটি ঢাকা–রাজশাহী মহাসড়ক ধরে নগরের আলুপট্টি মোড়ের দিকে অগ্রসর হয়।

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ও বিক্ষোভকারীরা নানা স্লোগান দেন। এর মধ্যে ছিল—

‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’,

‘তুমি কে আমি কে, হাদি হাদি’,

‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিব না’,

‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’,

‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’,

‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’,

এবং ‘বৃথা যেতে দিব না, আমার ভাইয়ের রক্ত’।

এর আগে, হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পরলে রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘রাজশাহীবাসী ভারতীয় আধিপত্যবাদ আর আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে আবার জুলাই নামাতে হবে। গুড়িয়ে দিবো আওয়ামী দূর্গ।

সবাই আলুপট্টি আওয়ামী অফিসের সামনে চলে আসেন এখনই। রাবিয়ানরা জোহা চত্বরে চলে আসেন সবাই, এখান থেকে আমরা যাবো। বুলডোজার যারা পারেন ব্যবস্থা করে আনেন প্লিজ।’

উল্লেখ্য, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে মারা যান শরীফ ওসমান হাদি। তার মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে রাজশাহীসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচিতে নামে ছাত্র-জনতা।

 

Read more — উত্তরাঞ্চল
Home