উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীতে মার্চ টু সহকারী ভারতীয় হাইকমিশন কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ১৮ ডিসেম্বর ২০২৫, ০৫:২৮ অপরাহ্ণ
রাজশাহীতে মার্চ টু সহকারী ভারতীয় হাইকমিশন কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড

রাজশাহীতে সহকারী ভারতীয় হাইকমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি ও মার্চ পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে ভারতীয় আধিপত্যবাদবিরোধী সংগঠন ‘জুলাই ৩৬ মঞ্চ’–এর আহ্বানে ভদ্রা মোড় থেকে মার্চ টু সহকারী ভারতীয় হাইকমিশন কর্মসূচির ডাক দেওয়া হয়। কর্মসূচি অনুযায়ী বেলা সাড়ে ১২টার দিকে মিছিলটি শুরু হলে হাইকমিশন কার্যালয়ের প্রায় ১০০ মিটার আগে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিলটি আটকে দেয়।

এ সময় আন্দোলনকারীরা ব্যারিকেডের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে সামনে অগ্রসর হওয়ার অনুমতি চান। তবে প্রায় ১৫ মিনিট অপেক্ষার পরও অনুমতি না পেয়ে তারা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। আন্দোলনকারীরা এ সময় পুলিশের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ করেন।

ঘটনার পর বিক্ষোভকারীরা ব্যারিকেডের সামনেই বসে অবস্থান কর্মসূচি পালন করেন। প্রায় এক ঘণ্টারও বেশি সময় তারা সেখানে অবস্থান করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাইকমিশন সংলগ্ন সড়কে কাউকে প্রবেশ করতে দেয়নি।

কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন আন্দোলনকারী বলেন, আমরা কোনো দেশের দালালি করতে চাই না। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, আমাদের রাষ্ট্র পরিচালনা ঢাকায় বসেই হবে। বাইরের কোনো হস্তক্ষেপ আমরা মেনে নেব না।

এর আগে সকাল থেকেই ভদ্রা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। সহকারী ভারতীয় হাইকমিশন কার্যালয়ের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং আশপাশের কয়েকটি সড়ক বন্ধ করে দেয় প্রশাসন। ফলে বিক্ষোভকারীরা কার্যালয়ের কাছাকাছি যেতে পারেননি। এ সময় তারা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বোয়ালিয়া জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাসিদ ফারহাদ বলেন, আন্দোলনকারীরা পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে সহকারী ভারতীয় হাইকমিশন কার্যালয়ের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেছিলেন। তবে পুলিশ পরিস্থিতি শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখে।

Read more — উত্তরাঞ্চল
Home