উত্তরা প্রতিদিন
ঢাকা

ঋত্বিক ঘটকের বসতভিটা সংরক্ষণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ণ
ঋত্বিক ঘটকের বসতভিটা সংরক্ষণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকের পৈতৃক বসতভিটা ভাঙার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ঐতিহ্যবাহী এই বসতভিটা সংরক্ষণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজশাহীর সাহেববাজার জিরোপয়েন্টে রাজশাহীর নাগরিক সমাজের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ঋত্বিক কুমার ঘটক বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্মা নির্মাতাদের অন্যতম, যাঁর হাত ধরে বাংলা চলচ্চিত্র বিশ্বদরবারে মর্যাদার আসন পেয়েছে। তাঁর পরিচালিত মেঘে ঢাকা তারা, সুবর্ণরেখা, কোমল গান্ধার, তিতাস একটি নদীর নাম, অযান্ত্রিকসহ একাধিক চলচ্চিত্র বাংলা চলচ্চিত্রের অমূল্য সম্পদ হিসেবে স্বীকৃত এবং বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র শিক্ষার পাঠ্য হিসেবেও অন্তর্ভুক্ত।

বক্তারা অভিযোগ করেন, রাজশাহী মহানগরীর মিঞাপাড়ায় অবস্থিত ঋত্বিক ঘটকের বসতভিটা গত ৫ আগস্ট সরকার পতনের পর গুঁড়িয়ে দেওয়া হয়। সে সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করে স্থাপনাটি অপরিবর্তিত রাখার আশ্বাস দেওয়া হলেও গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিনে রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ কর্তৃপক্ষ পুনরায় সেখান থেকে শেষ স্মৃতিচিহ্নটুকুও মুছে ফেলার চেষ্টা করে।

মানববন্ধনে বলা হয়, বসতভিটার ঐতিহ্যবাহী ইটগুলো শহরের অদূরে খড়খড়ি বাইপাস এলাকায় শাহ মখদুম নার্সিং কলেজের পাশে একটি পুকুর ভরাটের কাজে ফেলা হয়েছে। এতে একদিকে ঐতিহ্য ধ্বংস, অন্যদিকে পরিবেশ ধ্বংসের ঘটনা ঘটেছে।

কর্মসূচি থেকে অবিলম্বে ঋত্বিক ঘটকের বসতভিটা ভাঙা ও স্মৃতিচিহ্ন অপসারণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তসাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি সরিয়ে নেওয়া ঐতিহ্যবাহী ইট ফিরিয়ে এনে অবশিষ্ট ০.১৬০৩ একর জমি সংরক্ষণ করে সেখানে ‘ঋত্বিক কমপ্লেক্স’ নির্মাণের দাবি তোলা হয়।

ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির নির্বাহী সদস্য মো. আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় এবং নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা আহসান কবীর লিটনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন—সাধারণ সম্পাদক মো. মাহমুদ হোসেন, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাজশাহীর সাধারণ সম্পাদক নাদিম সিনা, আদিবাসী যুব পরিষদ রাজশাহীর সভাপতি উপেন রবিদাস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংগঠন স্বণনের সভাপতি মিজান শেখ, তীর্থক নাটকের সভাপতি আনোয়ার আমজাদ সজল, নারী নেত্রী ও সাংস্কৃতিক কর্মী ঈশিতা ইয়াসমিন ও ছাত্র অধিকার পরিষদ রাজশাহীর সভাপতি তাহমিদ জাকিসহ প্রমুখ।

পরে পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি রাজশাহীর বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর পাঠানো হয়েছে। একই দাবিতে জেলা প্রশাসকের কাছেও স্মারকলিপি প্রদান করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের কাছে অনুলিপি পাঠানো হয়েছে।

 

Read more — উত্তরাঞ্চল
Home