উত্তরা প্রতিদিন
ঢাকা

মহান বিজয় দিবসে রাজশাহীতে শহীদ মিনারে বিএনপির শ্রদ্ধা

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ণ
মহান বিজয় দিবসে রাজশাহীতে শহীদ মিনারে বিএনপির শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি ও এর সহযোগী ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ১২টা ১ মিনিটে রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় রাজশাহী মহানগর বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং পবা–মোহনপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন এবং সাংবাদিকবৃন্দ একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদনকালে ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করা হয়। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিএনপির নেতৃবৃন্দ। পরে রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শফিকুল হক মিলন উপস্থিত নেতাকর্মীদের শপথ বাক্য পাঠ করান।

শপথে নেতাকর্মীরা মহান বিজয় দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অকুতোভয় সৈনিক হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র, বিচারব্যবস্থা ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। একই সঙ্গে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র নস্যাৎ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও রাজশাহী-২ (সদর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান মিনু, জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল ইসলাম মিলন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মো. মামুনু-অর-রশিদ মামুন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদাসহ মহানগর ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

Read more — উত্তরাঞ্চল
Home