উত্তরা প্রতিদিন
ঢাকা

শিশু সাজিদের মৃত্যু : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ

উত্তরা প্রতিবেদক ১৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ণ
শিশু সাজিদের মৃত্যু : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ

রাজশাহীর তানোরে পরিত্যক্ত ও অরক্ষিত নলকূপে পড়ে দুই বছর বয়সী শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) ও সংশ্লিষ্ট প্রশাসনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে নিহত শিশুর পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি অরক্ষিত নলকূপ বন্ধে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

আজ রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া এ লিগ্যাল নোটিশটি প্রেরণ করেন।

লিগ্যাল নোটিশে বলা হয়, রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় শত শত পরিত্যক্ত ও অরক্ষিত নলকূপ জনসাধারণের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছে। এসব নলকূপ যথাযথভাবে সিল বা ভরাট না করায় প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম অবহেলার পরিচয়।

নোটিশে উল্লেখ করা হয়, সম্প্রতি রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে একটি পরিত্যক্ত নলকূপে পড়ে শিশু সাজিদের মৃত্যু ঘটে। এ ঘটনা প্রশাসনিক উদাসীনতা ও দায়িত্ব পালনে ব্যর্থতার স্পষ্ট প্রমাণ। যথাসময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে এই প্রাণহানি এড়ানো সম্ভব ছিল বলে নোটিশে দাবি করা হয়েছে।

সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদ অনুযায়ী জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার লঙ্ঘনের অভিযোগ এনে নোটিশে ১৫ দিনের মধ্যে একাধিক নির্দেশনা বাস্তবায়নের আহ্বান জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—সব পরিত্যক্ত নলকূপ চিহ্নিত করে জরিপ পরিচালনা, রাষ্ট্রীয় ব্যয়ে নলকূপ সিল বা ভরাট করে স্থায়ীভাবে বন্ধ করা, অবৈধ নলকূপ খননে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, নিরাপদ নলকূপ ব্যবস্থাপনায় মানসম্মত কার্যপ্রণালী প্রণয়ন, অননুমোদিত নলকূপ স্থাপন রোধে কঠোর নজরদারি এবং দায়িত্বে অবহেলাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ।

নোটিশে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়ন না হলে বিষয়টি জনস্বার্থ মামলা হিসেবে হাইকোর্ট বিভাগের দ্বারস্থ করা হবে।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে একটি পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয় দুই বছরের শিশু সাজিদ। ৩২ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ৪০ ফুট মাটি খনন করে শিশুটিকে উদ্ধার করলেও ততক্ষণে তার প্রাণ চলে যায়। ঘটনাটি পুরো বরেন্দ্র অঞ্চলের মানুষকে নাড়া দেয়। এ ঘটনায় জাতীয় দৈনিক পত্রিকা ও বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদনে বরেন্দ্র অঞ্চলের অরক্ষিত নলকূপগুলোকে ‘মৃত্যুকূপ’ হিসেবে আখ্যা দিয়ে শিশুদের জীবনঝুঁকির বিষয়টি তুলে ধরা হয়, যা জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

Read more — উত্তরাঞ্চল
Home