উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজনৈতিক সহিংসতা সুষ্ঠু নির্বাচনকে হুমকিতে ফেলছে

রাজশাহীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের মানববন্ধনে বক্তারা
উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:০৬ অপরাহ্ণ
রাজনৈতিক সহিংসতা সুষ্ঠু নির্বাচনকে হুমকিতে ফেলছে

গণঅভ্যুত্থানের পর দেশ গণতন্ত্রের পথে অগ্রসর হলেও রাজনৈতিক সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন উদ্বেগজনকভাবে বাড়ছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে বক্তারা। আজ বুধবার দুপুরে রাজশাহী মহানগরীর চেম্বার ভবনের সামনে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এ কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অধিকারের রাজশাহী কো-অর্ডিনেটর মঈন উদ্দিন। মানববন্ধন ও র‌্যালিতে বক্তব্য রাখেন বিএফইউজের সহকারী মহাসচিব ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ড. সাদেকুল ইসলাম স্বপন, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবিব অপু, গুমের স্বীকার মাসুদ রানা, ইব্রাহীম হোসেন সরকার ও আল-আমিন, মানবাধিকার কর্মী ও বিশ্লেষক আনোয়ার হোসেন ফিরোজ, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, মানবাধিকার কর্মী কাজী নুরুল ইসলাম, অধিকার কর্মী এম শামীম এবং সেভ আওয়ার সোসাইটির প্রতিনিধি মাহমুদুল হাসান। অধিকারের বিবৃতি পাঠ করেন হাবিবুল্লাহ মোহাম্মদ কাউছারী।

বক্তারা বলেন, রক্তাক্ত সংগ্রামে কর্তৃত্ববাদী শাসনের পতন ঘটালেও বিচারবহির্ভূত হত্যা, হেফাজতে নির্যাতন, কারাগারে মানবাধিকার লঙ্ঘন, চিকিৎসার অভাবে বন্দিদের মৃত্যু—এসব ঘটনা বন্ধ না হওয়া ‘জুলাই সনদের আত্মাকে প্রশ্নবিদ্ধ করছে’। পূর্ববর্তী সরকারের অকার্যকর ফৌজদারি বিচার ব্যবস্থা বহাল থাকায় বহু নিরপরাধ মানুষ বছরের পর বছর কারাগারে আটক রয়েছেন বলেও মন্তব্য করেন তারা। নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি আদায় ও তার ভিত্তিতে মৃত্যুদণ্ডের রায় দেওয়াকে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করা হয়।

তারা জানান, অন্তর্বর্তীকালীন সরকার অপশনাল প্রটোকল অব কনভেনশন এগেনস্ট টর্চার (অপক্যাট) এবং জাতিসংঘের গুমবিরোধী কনভেনশন অনুস্বাক্ষর করায় অগ্রগতি হলেও গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ ২০২৫–এ থাকা মৃত্যুদণ্ডের বিধান বাতিল করা জরুরি।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলের অনৈক্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল হওয়া এবং ক্রমবর্ধমান সহিংসতাকে একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রধান বাধা বলে উল্লেখ করেন বক্তারা। এসব সহিংসতায় বহু প্রাণহানি ঘটেছে বলেও তারা জানান।

অনলাইন প্ল্যাটফর্মে নারীর প্রতি সহিংসতা, সামাজিক নিরাপত্তাহীনতা, অপরাধ বৃদ্ধি ও গণপিটুনির প্রসঙ্গ টেনে বক্তারা বলেন—আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা ভয়াবহভাবে বাড়ছে, যা একটি সভ্য রাষ্ট্রের জন্য অশনি সংকেত।

বক্তারা জোর দিয়ে বলেন, গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষায় সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা এখন সবচেয়ে জরুরি। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ এবং মানবাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

Read more — উত্তরাঞ্চল
Home