উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীতে ৮ অদম্য নারীকে সম্মাননা

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ৯ ডিসেম্বর ২০২৫, ০৪:২১ অপরাহ্ণ
রাজশাহীতে ৮ অদম্য নারীকে সম্মাননা

রাজশাহীতে জীবনের দীর্ঘ সংগ্রাম, প্রতিকূলতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ আট অদম্য নারীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে 'অদম্য নারী' শীর্ষক অনুষ্ঠানে তাদের এ সম্মাননা দেওয়া হয়।

৫টি ক্যাটাগরিতে সম্মাননাপ্রাপ্তদের মধ্যে সিটি কর্পোরেশন পর্যায়ে ৩ জন ও জেলা পর্যায়ে ৫ জন রয়েছেন। এবছরে রাজশাহী সিটি কর্পোরেশন পর্যায়ে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ ‘অদম্য নারী’ হলেন রাজশাহী হড়গ্রাম বাজারের মোসা. হাছিনা ইয়াসমিন, সফল জননী নারী ক্যাটাগরিতে শালবাগান পাওয়ার হাউস মোড়ের মোসা. নুরজাহান বেগম, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবনসংগ্রামে জয়ী নারী ক্যাটাগরিতে দাসপুকুরের মোসা. শারমিন বেগম। জেলা পর্যায়ে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ ‘অদম্য নারী’ হলেন হড়গ্রাম বাজারের মোসা. হাছিনা ইয়াসমিন, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে রাজশাহী পুঠিয়ার পচামাড়িয়ার সুমনা সরকার, সফল জননী নারী ক্যাটাগরিতে মোহনপুর মহব্বতপুরের মোসা. রাশেদা বেগম, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবনসংগ্রামে জয়ী নারী ক্যাটাগরিতে চারঘাট মেরামতপুরের মোসা. রাজিয়া খাতুন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে বাঘা মুর্শিদপুরের মোসা. আরিফা জেসমিন। জীবনের প্রতিকূলতা, সামাজিক বাধা ও নির্যাতন পেরিয়ে সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করায় তাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, 'অন্যান্য বছরের তুলনায় এবছরের বেগম রোকেয়া দিবসের আবেদন ভিন্ন। ‘আমিই রোকেয়া’ কথাটির তাৎপর্য অনেক গভীর। বেগম রোকেয়া ১০০ বছর আগে যে সংগ্রামের যাত্রা শুরু করেছিলেন, সেই পথ ধরে আজ আমরা এ পর্যায়ে এসে পৌঁছেছি।'

তিনি বলেন, আজ দেশের নারীরা আর কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই—শিক্ষা, চাকরি, আন্দোলন-সংগ্রাম কিংবা জাতির সংকটময় মুহূর্তেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ডা. সিতারা বেগম, তারামন বিবিসহ মুক্তিযুদ্ধের অসংখ্য নারী বীরের অবদানের কথা স্মরণ করেন।

বিভাগীয় কমিশনার আরও বলেন, আজ অদম্য নারীদের যে জীবনের সংগ্রামের গল্প শুনলাম, তা যেন উপন্যাসের মতো। কিন্তু বাস্তবে তারা অসহযোগিতা, নির্যাতন ও নানা বাধা পেরিয়ে এগিয়ে এসেছেন। এজন্যই বলা হয় অদম্য নারী, কিন্তু অদম্য পুরুষ বলা হয় না।

তিনি অদম্য নারীদের জীবনের গল্পগুলো ভিজুয়াল ডকুমেন্টারির মাধ্যমে প্রচারের জন্য তথ্য অধিদফতর, বাংলাদেশ বেতার, বিটিভি ও গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান এবং সিভিল সার্জন ডা. এস.আই.এম. রাজিউল করিম। স্বাগত বক্তব্য দেন রাজশাহী মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিন।

এসময় অন্যান্যের মধ্যে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সভানেত্রী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Read more — উত্তরাঞ্চল
Home