
রাজশাহীতে জীবনের দীর্ঘ সংগ্রাম, প্রতিকূলতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ পাঁচ বিশিষ্ট নারীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে 'অদম্য নারী' শীর্ষক অনুষ্ঠানে তাদের এ সম্মাননা দেওয়া হয়।
জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। অতিথিরা সম্মাননা প্রাপ্ত নারীদের হাতে ফুলের তোড়া ও সম্মাননা স্মারক তুলে দেন।
সম্মাননা প্রাপ্ত নারীরা নিজেদের সংগ্রামের গল্প তুলে ধরে জানান, কীভাবে নানা বাধা, বঞ্চনা ও নির্যাতন মোকাবিলা করে তারা আজকের অবস্থানে পৌঁছেছেন।
অদম্য নারী হাসিনা তার বক্তব্যে বলেন, ছোট থেকে বড় হওয়ার পথটা সহজ ছিল না। অপমান, নির্যাতন আর লাঞ্ছনা সঙ্গী করেই এগোতে হয়েছে। তবুও হার মানিনি, ভয় পাইনি। অগ্রগতির জন্য সবসময় কঠোর পরিশ্রম করেছি।
আরেক সম্মাননা প্রাপ্ত সুমনা জানান, বিয়ের পর থেকেই নির্যাতনের শিকার হচ্ছি, যা এখনো চলছে। মা-মেয়ের পরিবার হিসেবে অনেক লাঞ্ছনা সয়েও টিকে আছি। ভবিষ্যৎ কী হবে জানি না, তবে বিশ্বাস করি, একদিন সফলতা আসবেই।
বক্তারা বলেন, বেগম রোকেয়া দিবসের মূল শিক্ষা হচ্ছে নারীর প্রতি সহিংসতা রোধ, তাদের অধিকার নিশ্চিত করা এবং সমাজে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা। তারা সম্মাননা প্রাপ্ত নারীদের অদম্য মনোবলকে সমাজের জন্য অনুপ্রেরণাদায়ক বলে উল্লেখ করেন।

