
দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী নাবিল গ্রুপ মাঠ পর্যায়ের সরবরাহকারীদের নিয়ে রাজশাহীতে আয়োজন করেছে বর্ণিল নবান্ন উৎসব। কৃষির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত কর্মীদের সম্মান জানাতে এবং ভবিষ্যৎ অর্থনৈতিক পরিকল্পনা উপস্থাপনের লক্ষ্যেই শনিবার এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কৃষিবিদ আমিনুল ইসলাম ঘোষণা দেন, ‘উত্তরবঙ্গকে দেশের পরবর্তী ‘বিজনেস হাব’ হিসেবে গড়ে তোলাই আমাদের বড় লক্ষ্য। অবকাঠামো উন্নয়ন, নতুন বিনিয়োগ, পণ্য বৈচিত্র্য ও প্রযুক্তিনির্ভর উৎপাদন প্রক্রিয়া—এসবকে সামনে রেখে নাবিল গ্রুপ উত্তরাঞ্চলের বাণিজ্য কাঠামোকে আরও শক্তিশালী করতে কাজ করছে।
এছাড়া অনুষ্ঠানে তিনি ঘোষণা দেন, আগামী নতুন বছর থেকেই নাবিল গ্রুপ বিদেশে আতপ চাল রপ্তানি কার্যক্রম শুরু করবে। এ রপ্তানি উদ্যোগ দেশের বৈদেশিক আয় বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে। উত্তরাঞ্চলের উচ্চমানের আতপ চাল আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করবে, যা কৃষক থেকে শুরু করে সরবরাহশৃঙ্খলার সবাইকে লাভবান করবে। আগামীদিনে নাবিল গ্রুপ দেশের অর্থনীতিতে অন্যতম প্রধান নিয়ামক হিসেবে কাজ করবে।
ব্যবসায়ীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠা এই নবান্ন উৎসবে ছিল আলোচনা, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক পরিবেশনা ও আগামীর বাণিজ্য কৌশল নিয়ে উন্মুক্ত মতবিনিময়।
অংশগ্রহণকারীরা বলেন, নাবিল গ্রুপের এমন উদ্যোগ মাঠ পর্যায়ের ব্যবসায়ীদের আরও উৎসাহিত করবে এবং আঞ্চলিক অর্থনীতির বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ জানান, কৃষি–শিল্পভিত্তিক নতুন প্রকল্প, রপ্তানি–উদ্যোগ ও প্রযুক্তি বিনিয়োগের সমন্বয়ে উত্তরবঙ্গে নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, নাবিল গ্রুপের চেয়ারম্যান জাহান বকস্ মণ্ডল, পরিচালক ইজাজ আবার নাবিল ও নাবিল ফিড মিলসের চেয়ারম্যান ইসরাত জাহান।

