উত্তরা প্রতিদিন
ঢাকা

ফ্যাসিস্ট সরকারের নির্মম নির্যাতনে মৃত্যুর মুখে খালেদা জিয়া: মিনু

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ৫ ডিসেম্বর ২০২৫, ০৮:০৩ অপরাহ্ণ
ফ্যাসিস্ট সরকারের নির্মম নির্যাতনে  মৃত্যুর মুখে খালেদা জিয়া: মিনু

বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা, রাসিকের সাবেক মেয়র ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের নির্মম নির্যাতন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এখন তিনি কঠিন মুহূর্ত পার করছেন। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দুঃশাসন ও নির্যাতনেই তার এই অবস্থা।

আজ শুক্রবার বিকেল ৫টার দিকে রাজশাহী নগরীর তালাইমারি মোড়ে ২৫ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু বলেন, আমাদের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ তায়ালা সুস্থতা দান করুন। সমগ্র জাতি এখন প্রতিকূল অবস্থা পার করছেন। বেগম জিয়া আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, রাজশাহী মহানগরীর যে রাস্তাঘাট সবকিছুতেই বেগম খালেদা জিয়ার অবদান রয়েছে। শুধু বাংলাদেশ নয়, সমগ্র মুসলিম বিশ্বের মানুষ বেগম জিয়ার জন্য দোয়া করছেন। গোটা বিশ্বে তার সুনাম ছড়িয়ে পড়েছে। আমরা রাজশাহীবাসীসহ সারাদেশের মানুষ নেত্রীর জন্য দোয়া করছি। জুম্মার নামাযের পর মসজিদে মসজিদে দোয়া হয়েছে। আল্লাহর কাছে নেত্রীর রোগমুক্তি কামনা করছি।

রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে মাহফিলে নগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, সাবেক যুগ্ম সম্পাদক রেজাউল করিম, নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, ২৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসলাম শাহ, সাধারণ সম্পাদক মো. আফরোজ, সাংগঠনিক সম্পাদক সোহাগ আলী, রাজশাহী ইট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আঃ সালাম, ব্যবসায়ী হোসেন আলীসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

এদিকে, পবিত্র জুমার নামাজের পর বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নগরের গুড়িপাড়া এলাকায় একটি মসজিদে দোয়া মাহফিলে অংশ নেন মিনু। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহী মহানগরের বিভিন্ন মসজিদে বাদ জুমা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। এসব দোয়ায় নগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Read more — উত্তরাঞ্চল
Home