উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীতে মেডিকেল টেকনোলজিস্টদের আন্দোলনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান!

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ণ
রাজশাহীতে মেডিকেল টেকনোলজিস্টদের আন্দোলনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান!
‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানদাতা বেলাল হোসেন

রাজশাহীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি চলাকালে বক্তব্য শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহুর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশের ন্যায় রাজশাহীতেও ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে কর্মবিরতি কর্মসূচি পালনের এক পর্যায়ে এ ঘটনা ঘটে।

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানদাতার নাম বেলাল হোসেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ব্লাড ব্যাংকের টেকনোলজিস্ট হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে বেলাল হোসেনকে একাধিকবার ফোন করলেও তার নম্বর বন্ধ পাওয়া যায়। ফলে তার কোনো মন্তব্য জানা যায়নি। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম। সকল মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ভাইদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি কোনো রাজনীতির সাথে জড়িত না। দীর্ঘ সময় আমাদের অনেক ভাবেই জোর করে এরকম স্লোগান দেওয়ানো হয়েছে। তাই আমার হঠাৎ করে মুখ থেকে স্লোগানটা বের হয়ে গেছে। টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট জাতির কাছে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ক্ষমা চাচ্ছি। আমার ভুলের জন্য সকল টেকনোলজিস্ট এর পায়ে হাত দিয়ে আমি ক্ষমা চাচ্ছি। ইতিপূর্বে এরকম ভাষণ দেওয়ার কোন অভিজ্ঞতা আমার ছিল না। হঠাৎ করে আজকে ভাষণ দিতে গিয়ে ভুল করে বসেছি। আমি আবারও সকল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট এর কাছে আন্তরিকভাবে আমার এই কথার জন্য দুঃখ প্রকাশ করছি। আমার সহকর্মীসহ সকলেই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।’

জানতে চাইলে রাজশাহী জেলা মেডিকেল টেকনোলজিস্ট ফোরামের (এমটিএফ) সভাপতি মামুন অর রশিদ বলেন, এখানে বিএনপিপন্থী আমাদের পেশাজীবী সংগঠন এমট্যাব এবং জামায়াতপন্থী পেশাজীবী সংগঠন এমটিএফ-এর যৌথ প্রযোজনায় এবং যৌথ ব্যবস্থাপনায় এই প্রোগ্রাম চলেছে। আর উনি যে বক্তব্য দিয়েছেন এটা আমার নখদর্পণে ছিল না। এটার জন্য সেই মূলত দায়ী। তাই যে বক্তব্য দিয়েছে তার বিষয়ে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিবো।

Read more — উত্তরাঞ্চল
Home