উত্তরা প্রতিদিন
ঢাকা

রামেক হাসপাতালের টেকনোলজিস্ট–ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ণ
রামেক হাসপাতালের টেকনোলজিস্ট–ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি

১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে টানা তৃতীয় দিনের মতো অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে হাসপাতালের রক্ত পরীক্ষা, এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআইসহ গুরুত্বপূর্ণ সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা বন্ধ থাকে। হঠাৎ কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন রোগীরা। বিশেষ করে ভর্তি রোগী ও বহির্বিভাগে আগত সেবাপ্রার্থীদের দীর্ঘ অপেক্ষা ও হতাশা প্রকাশ করতে দেখা যায়।

আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, পদ সৃষ্টি হওয়ার পর থেকেই মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কোনো পদোন্নতির সুযোগ রাখা হয়নি। বহুবার আশ্বাস দিলেও মন্ত্রণালয় তা বাস্তবায়ন করেনি। সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত গ্রেড–উন্নীতকরণের দাবি না মানা হলে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হবে। দাবির প্রতি সংহতি জানিয়ে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কর্মীদেরও অনেককে কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়।

এর আগের দুই দিনও একই দাবিতে টানা অর্ধদিবস কর্মবিরতি পালন করেন আন্দোলনকারীরা।

Read more — উত্তরাঞ্চল
Home