উত্তরা প্রতিদিন
ঢাকা

শাহ মখদুম বিমানবন্দরে ঝুঁকি মোকাবিলায় যৌথ নিরাপত্তা মহড়া

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ণ
শাহ মখদুম বিমানবন্দরে ঝুঁকি মোকাবিলায় যৌথ নিরাপত্তা মহড়া

রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে আয়োজিত পূর্ণাঙ্গ নিরাপত্তা মহড়া ‘এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ–২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের এপ্রোন এলাকায় এই মহড়া অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। মহড়ার কার্যক্রম প্রত্যক্ষ করে তিনি বলেন, এ ধরনের মহড়া দুর্বলতা শনাক্ত, আন্তঃসংস্থার সমন্বয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ। সমন্বিত দক্ষতা ও প্রস্তুতি থাকলে যেকোনো অনভিপ্রেত পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১৮ অক্টোবরের অগ্নিকাণ্ডের প্রসঙ্গ তুলে বেবিচক চেয়ারম্যান বলেন, ঘটনাস্থলে এভসেক, বিমানবাহিনী টাস্কফোর্স, সেনাবাহিনী, নৌবাহিনী, এপিবিএন, পুলিশ ও আনসারের সমন্বিত প্রচেষ্টায় কার্গো টার্মিনাল থেকে টার্মিনাল–৩ পর্যন্ত সব এলাকায় নিরাপত্তা বজায় রাখা সম্ভব হয়েছিল। অগ্নিকাণ্ডের মতো পরিস্থিতিতে চুরি, লুট বা নাশকতার ঝুঁকি থাকলে সেদিন কিন্তু নিরাপত্তা বাহিনীর পেশাদারিত্বের কারণে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।

অংশগ্রহণকারী সংস্থাগুলোর প্রস্তুতি ও দক্ষতা দেখে সন্তোষ প্রকাশ করেন প্রধান অতিথি। তিনি বলেন, প্রতিটি সংস্থা প্রশংসনীয় পারফরম্যান্স দেখিয়েছে। জাতীয় স্বার্থে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

মহড়ায় দেখানো হয়—যশোর বিমানবন্দর থেকে ছেড়ে আসা একটি চার্টার্ড ফ্লাইটে বোমা থাকার হুমকি আসে। শাহ মখদুম বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে ফোন পেয়ে বিমানবন্দর ব্যবস্থাপক তাৎক্ষণিকভাবে Emergency Operations Center সক্রিয় করেন। এরপর রিস্ক অ্যাডভাইজরি গ্রুপ (RAG) কমিটির নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট সব সংস্থা যৌথভাবে জরুরি প্রতিক্রিয়া কার্যক্রম পরিচালনা করে।

মহড়ায় অংশ নেয়—বেবিচক, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, র‍্যাব, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি), এপিবিএন, আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাজশাহী মেডিকেল কলেজ, ইসলামী মেডিকেল কলেজসহ আরও কয়েকটি সংস্থা।

অনুষ্ঠানে অন-সিন কমান্ডার ছিলেন বিমানবন্দর ব্যবস্থাপক মোসা. দিলারা পারভীন। চিফ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবাল। এসময় উপস্থিত ছিলেন—বেবিচকের সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমান, সদস্য (অর্থ) মোহাম্মাদ নাজমুল হক, সহকারী পরিচালক মুহাম্মাদ কাউছার মাহমুদসহ বিভিন্ন সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা।

বিমানবন্দর ব্যবস্থাপক মোসা. দিলারা পারভীন জানান, ICAO SARPs ও NCASP অনুযায়ী প্রতি দুই বছরে একবার এ ধরনের মহড়া আয়োজন বাধ্যতামূলক। তিনি বলেন, রাজশাহীর একমাত্র বিমানবন্দর হিসেবে শাহ মখদুম বিমানবন্দর থেকে বর্তমানে ইউএস–বাংলা এয়ারলাইনস এবং বাংলাদেশ বিমান বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করছে। সন্ত্রাসী হুমকি, হাইজ্যাক, বোমা হামলা ও অন্যান্য ঝুঁকি মোকাবিলার সক্ষমতা যাচাই এবং অংশীজনদের প্রস্তুতি বাড়াতেই এই মহড়ার আয়োজন করা হয়েছে।

Read more — উত্তরাঞ্চল
Home