
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দেশের চলমান আন্দোলনের অংশ হিসেবে রাজশাহীর দুর্গাপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন। আজ রোববার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অবস্থান কর্মসূচিতে অংশ নেন তারা।
কর্মবিরতিতে অংশ নেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) আব্দুল জলিল, টেকনোলজিস্ট (রেডিও) কেএম এজাজুল বাসার, ফার্মাসিস্ট আমিনুর রহমান, আরিফ হোসেন, উপ-স্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট আব্দুর রাজ্জাক, আইয়ুব আলী, ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের ফার্মাসিস্ট আসাদ আলী, ওসমান গনি, মাহবুবুর রহমানসহ আরও অনেকে।
কর্মসূচিতে বক্তারা বলেন, তিন দশকের বেশি সময় ধরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা তাদের প্রাপ্য মর্যাদা ও ন্যায্য অধিকার আদায়ের জন্য ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। দেশের অন্যান্য ক্যাডারে ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড প্রদান করা হলেও তারা এখনও অবহেলিত—যা অত্যন্ত হতাশাজনক ও বৈষম্যমূলক।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদের ন্যায্য দাবি পূরণ না হলে আন্দোলন আরও কঠোর হবে। প্রয়োজনে অর্ধদিবস কর্মবিরতি এবং পরে সম্পূর্ণ শাটডাউনের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি অব্যাহত থাকবে।

