উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীতে রহনপুর–ঈশ্বরদী কমিউটার ট্রেনের সৌন্দর্য বর্ধন কার্যক্রমের উদ্বোধন

উত্তরা প্রতিবেদক ৩০ নভেম্বর ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ণ
রাজশাহীতে রহনপুর–ঈশ্বরদী কমিউটার ট্রেনের সৌন্দর্য বর্ধন কার্যক্রমের উদ্বোধন

পশ্চিমাঞ্চল রেলওয়ের ঈশ্বরদী–রাজশাহী–রহনপুর গামী কমিউটার ট্রেনে সিট কভার সংযুক্ত করে সৌন্দর্য বর্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের নাচোলের এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের সৌজন্যে এসব সিট কভার প্রদান করা হয়।

গতকাল রোববার দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিট কভার সংযুক্তিকরণের উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পশ্চিমাঞ্চল রেলওয়ে সার্বক্ষণিক যাত্রী সেবায় প্রতিশ্রুতিবদ্ধ। রেলের আধুনিকায়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন চলছে। এরই অংশ হিসেবে ঈশ্বরদী–রহনপুর কমিউটার ট্রেনে সিট কভার সংযুক্ত করা হলো।

এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগকে ‘সামাজিক দায়িত্ববোধের দৃষ্টান্ত’ উল্লেখ করে তিনি আরও বলেন, এ ধরনের সামাজিক উদ্যোগ রেলওয়ের যাত্রীসেবায় অগ্রণী ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সুজিত বিশ্বাস, প্রধান যান্ত্রিক প্রকৌশলী মো. আমিনুল হাসান, এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মো. ইসাহাক আলী এবং অধ্যক্ষ মোছা. মরিয়ম খাতুন।

রেলওয়ে কর্মকর্তারা জানান, নতুন সিট কভার সংযুক্তির ফলে ট্রেনের ভেতরে পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বজায় থাকবে। পাশাপাশি যাত্রীদের জন্য যাত্রা আরও আরামদায়ক হবে। পশ্চিমাঞ্চল রেলওয়ে ভবিষ্যতেও এমন আরও উন্নয়ন কার্যক্রম হাতে নেবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

Read more — উত্তরাঞ্চল
Home