উত্তরা প্রতিদিন
ঢাকা

বেগম জিয়াকে সব ধরনের নির্যাতন করেছিলো পতিত সরকার: মিলন

উত্তরা প্রতিবেদক ২৯ নভেম্বর ২০২৫, ০৮:২৯ অপরাহ্ণ
বেগম জিয়াকে সব ধরনের নির্যাতন করেছিলো পতিত সরকার: মিলন

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অসুস্থতা, অতীত কারাবন্দী অবস্থা ও বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়া নিয়ে তৎকালীন সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ–সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পবা–মোহনপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

শুক্রবার পবার মুসরইল ইক্ষু সেন্টার মাঠে পারিলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মিলন এসব দাবি উত্থাপন করেন।

মিলন বলেন, বেগম খালেদা জিয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দুইবারের বিরোধী দলীয় নেত্রী। কারাবন্দী অবস্থায় তাঁর প্রতি ‘অমানবিক আচরণ’ করা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন। তাঁর দাবি, “মিথ্যা মামলায় সাজা দিয়ে স্যাঁতসেঁতে কারাগারে রাখা হয়েছিল এবং বারবার চিকিৎসার প্রয়োজন হলেও বিদেশে নেওয়ার অনুমতি দেওয়া হয়নি।”

তিনি আরো বলেন, “গত বছরের ৫ আগস্ট তৎকালীন সরকারের পতনের পর তাঁকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হলেও পর্যাপ্ত সুফল পাওয়া যায়নি। চিকিৎসকরা জানিয়েছেন—সমস্যাগুলোর চিকিৎসা আরও ছয় থেকে আট বছর আগে শুরু করা হলে ভালো হতো।”

বর্তমানে বেগম জিয়া ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যায় আছেন বলে মিলন জানান। ব্যক্তিগত চিকিৎসকদের বিদেশে নেওয়ার বারবার আবেদন আগের সরকার উপেক্ষা করেছে বলে তিনি মন্তব্য করেন।

নির্বাচন ও জামায়াত প্রসঙ্গে মিলনের বক্তব্য

অ্যাডভোকেট মিলন বলেন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে—অন্তর্বর্তীকালীন সরকারের এমন ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দল প্রস্তুতি সম্পন্ন করেছে। তাঁর দাবি, “জনগণ এখন নির্বাচনমুখী; নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে।”

তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নির্বাচন পেছাতে “ষড়যন্ত্রে লিপ্ত” থাকার অভিযোগ করেন। দাবি করেন, “মনোনয়ন সম্পন্ন করার পরও জামায়াত কখনো সংস্কার, কখনো পিআরের কথা বলছে—এভাবে তারা বিভ্রান্তি ছড়াচ্ছে।”

মিলন আরও অভিযোগ করেন, স্বাধীনতা যুদ্ধ–পরবর্তী সময় থেকে জামায়াতের ভূমিকা নিয়ে তাঁর বক্তব্য তুলে ধরে বলেন—জামায়াত দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিপরীতে অবস্থান নিয়েছিল। তিনি উপস্থিত জনগণকে এই দলকে ভোট না দেওয়ার আহ্বান জানান।

সভা ও দোয়া মাহফিল

জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, শাহ মখদুম থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ, পারিলা ইউনিয়ন বিএনপির নেতা রেজাউল করিম, মখলেসুর রহমান, শফিকুল ইসলাম, যুবদল নেতা ফরিদুল ইসলাম, রবিউল ইসলাম, আবুল কাশেম মেম্বারসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Read more — উত্তরাঞ্চল
Home