
রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের (আরসিবিসি) ১০ বছর পূর্তি উপলক্ষে আজ বৃহস্পতিবার জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। প্রধান হিসেবে দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী বলেন, ক্যারিয়ার ক্লাবের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা এ অনুষ্ঠান প্রশংসনীয়। শিক্ষার্থীরা এখানে শুধু চাকরির সুযোগই পাবেন না, বরং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণ করতে পারবেন। এ ধরনের আয়োজন তাদের চাকরির প্রতিযোগিতায় দক্ষ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি সংগঠনের সফলতা কামনা করে ভবিষ্যতে আরও উন্নতির প্রত্যাশাও ব্যক্ত করেন। আরসিবিসির সভাপতি মো. নাজমুল হকের সভাপতিত্বে ও আইটি সেক্রেটারি মো. শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় জব ফেয়ার অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. সেরাজ উদ্দীন। সভাপতির বক্তব্যে মো. নাজমুল হক জানান, এই জব ফেয়ারে দেশের ১৫টি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা এসব প্রতিষ্ঠানে সিভি জমা দিয়ে চাকরির সুযোগ লাভের সুযোগ পাচ্ছেন। চাকরি বাজারের চাহিদা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা এবং সরাসরি শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া এই আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে ক্যারিয়ার গাইডলাইন, বিজনেস ও কর্পোরেট ওয়ার্ল্ডের বিভিন্ন সেক্টরে সেমিনার অনুষ্ঠিত হয়। স্মার্ট টেকনোলজি বিডি লিমিটেডের পরিচালক মুজাহিদ আল বেরুনি সুজন, পূবালী ব্যাংক পিএলসির রাজশাহী রিজিওনাল ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সাজিদুর রহমান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির, স্মার্ট টেকনোলজি বিডি লিমিটেডের ডেপুটি ম্যানেজার সাব্বির করিম এবং নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চিফ হিউম্যান রিসোর্স অফিসার সৈয়দ শহীদুল আলম মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। আরসিবিসির বর্তমান ও সাবেক সদস্যদের পাশাপাশি রাজশাহী কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ব্যাপক অংশগ্রহণ করে অনুষ্ঠানকে প্রাণবন্ত ও সফল করে তোলে। অনুষ্ঠানের সূচনায় একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এছাড়াও প্রশ্নোত্তর পর্ব এবং সংবর্ধনা অনুষ্ঠানেও অংশগ্রহণ ছিলো। জব ফেয়ারে ব্যাংকিং ও ক্যারিয়ার সেক্টরের বিভিন্ন পর্যায় থেকে শিক্ষার্থীদের সুবিধার্থে বিভিন্ন সেক্টরভিত্তিক বুথ বসিয়ে সিভি গ্রহণ ও সংশোধন কার্যক্রম পরিচালনা করা হয়, যা শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগের সৃজন করে।

