
রাজশাহীর পুঠিয়ায় এক শারীরিক প্রতিবন্ধী তরুণীকে (২৫) ধর্ষণের অভিযোগে আজিজুল মোল্লা (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তার আজিজুলের বাড়ি উপজেলার দমদমা গ্রামে।
তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার মোমেনশাহ রোডের টিআইসি গেইট এলাকা থেকে বুধবার রাতে র্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানি ও র্যাব-১ এর সিপিসি-২ এর একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার সকালে র্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, তরুণীর মা–বাবা ও ভাই ঢাকায় থাকেন। তিনি গ্রামের বাড়িতে দাদির কাছে থাকতেন। গ্রেপ্তার আজিজুল মোল্লা ওই তরুণীর চাচা। গত ২২ অক্টোবর দুপুরে দাদি বাড়িতে না থাকার সুযোগে আজিজুল বাড়িতে গিয়ে তাকে ধর্ষণ করেন। পরে কাউকে কিছু না বলতে ভয়ভীতি দেখিয়ে সেদিন স্থান ত্যাগ করেন। পরবর্তী সময়ে বিভিন্ন সময় আবারও তরুণীকে যৌন নির্যাতন করেন তিনি।
একপর্যায়ে তরুণীর দাদি বিষয়টি জানতে পারেন। পরে মেয়ের মা বাদী হয়ে গত ২৮ অক্টোবর পুঠিয়া থানায় ধর্ষণের ঘটনায় মামলা করেন। মামলার পর থেকে আজিজুল আত্মগোপনে ছিলেন। অবশেষে তাকে গ্রেপ্তার করে পুঠিয়া থানায় সোপর্দ করা হয়েছে। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিজুল তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন।

