উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীতে এবার রেল স্টাফের বাসায় দুর্ধর্ষ চুরি

উত্তরা প্রতিবেদক ২৪ নভেম্বর ২০২৫, ০৫:২২ অপরাহ্ণ
রাজশাহীতে এবার রেল স্টাফের বাসায় দুর্ধর্ষ চুরি

রাজশাহী নগরীর সপুরা এলাকায় রেলওয়ের এক স্টাফের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রোববার দিনগত রাত আড়াইটার দিকে চোরচক্র রান্নাঘরের ভেন্টিলেটর ভেঙে বাসায় প্রবেশ করে মালামাল চুরি করে নিয়ে যায়। এর মাত্র তিন দিন আগে একই সময় ও একই এলাকায় বিমানবাহিনীর এক স্কোয়াড্রন লিডারের বাসায় ডাকাতি-স্টাইলে চুরি হয়, যা স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।

চুরির শিকার রেলওয়ে স্টাফ মোসা. সানজিদা পশ্চিমাঞ্চল রেলওয়েতে টিএনএ পদে কর্মরত। তিনি জানান, তিনতলা বাড়ির নীচতলায় বড় আপু, ভাবি ও তার ছোট বাচ্চাসহ মোট ৪ জন বসবাস করেন। তার স্বামী বিদেশে আছেন।

তিনি বলেন, “আমাদের রান্নাঘরের ভেন্টিলেটর ভেঙে চোরেরা ভেতরে ঢুকেছে। সকালে কাজের লোক রান্নাঘরে ঢুকে ভাঙা ভেন্টিলেটর দেখে বিষয়টি বুঝতে পারে। রাত আড়াইটা থেকে পৌনে ৩টার মধ্যে ঘটনাটি ঘটে থাকতে পারে।”

সানজিদা আরও বলেন, “রান্নাঘরের চুলা ও অন্যান্য জিনিস যেটুকু পেরেছে চুরি করে নিয়ে গেছে। আমরা খুবই আতঙ্কিত। দ্রুত চোরদের ধরার দাবি জানাই।”

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানার এসআই শাহ আলম বলেন, “চুরির ঘটনাটি তদন্ত করা হচ্ছে। একই এলাকায় এরকম আরও একটি ঘটনা ঘটেছে। দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতেও সপুরা এলাকায় এক বিমানবাহিনীর কর্মকর্তার বাসায় একই কৌশলে চুরি হয়। সেদিন চোরেরা ল্যাপটপ, দুটি ব্যাগ, ব্যাংকের চেক বইসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে পালিয়ে যায়।

Read more — উত্তরাঞ্চল
Home