উত্তরা প্রতিদিন
ঢাকা

টানা সাড়ে ৬ ঘণ্টা পর অবরোধ তুলে নিল রাবির বিসিএস শিক্ষার্থীরা

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২২ নভেম্বর ২০২৫, ১১:০৫ অপরাহ্ণ
টানা সাড়ে ৬ ঘণ্টা পর অবরোধ তুলে নিল রাবির বিসিএস শিক্ষার্থীরা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্তৃক বিসিএস ‘পিলি’ ফল প্রকাশের পর নানা অনিয়মের অভিযোগ তুলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পিলিতে পাস করা শিক্ষার্থীদের অবরোধ একটানা সাড়ে ৬ ঘণ্টা পর তুলে নেওয়া হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) রাত ১০টা ২২ মিনিটে রাবির উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব এবং পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন।

আন্দোলনরত শিক্ষার্থী মাহবুব আলম বলেন, “পিএসসিতে মিটিং চলছে। জানানো হয়েছে, সিদ্ধান্ত আমাদের পক্ষে আসবে। সেই আশ্বাসে আমরা আপাতত অবরোধ তুলে নিয়েছি। তবে মিটিংয়ে ইতিবাচক সিদ্ধান্ত না এলে আগামীকাল (রোববার) সকাল থেকে আবার সড়ক ও রেলপথ অবরোধ করা হবে।”

এর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম ফরিদ আহমেদ ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। পরে তিনি সাংবাদিকদের জানান, “এখনো কোনো ট্রেন বাতিলের ঘোষণা দেওয়া হয়নি। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতি পর্যালোচনা করছি। প্রয়োজন মনে হলে ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “যাত্রীদের টিকিট রিফান্ডের ব্যবস্থা করা হয়েছে। স্টেশনগুলোতে রিফান্ড কার্যক্রম চলছে। রাজশাহী রেলস্টেশনে বর্তমানে পদ্মা, ঢালাচর এক্সপ্রেস ও কমিউটার ট্রেন আটকে আছে। হরিয়ানা স্টেশনে বনলতা এবং সরদহ রোড স্টেশনে সিল্কসিটি এক্সপ্রেস আটকে আছে।”

দিনভর অবরোধের কারণে রাজশাহী রেল স্টেশনে যাত্রী ভোগান্তি চরমে ওঠে। ট্রেন চলাচল বন্ধ থাকায় শত শত যাত্রী স্টেশনে আটকে পড়েন। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ সার্বক্ষণিক তৎপরতা চালায়।

Read more — উত্তরাঞ্চল
Home