উত্তরা প্রতিদিন
ঢাকা

রাসিক অনেক ক্ষেত্রেই পথিকৃৎ: নবাগত প্রশাসক

উত্তরা প্রতিবেদক ২০ নভেম্বর ২০২৫, ০৫:০৯ অপরাহ্ণ
রাসিক অনেক ক্ষেত্রেই পথিকৃৎ: নবাগত প্রশাসক

রাজশাহী সিটি বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্যতম সুন্দর ও পরিকল্পিত শহর হিসেবে পরিচিত উল্লেখ করে নবনিযুক্ত বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ও রাজশাহী সিটি কর্পোরেশনের নবাগত প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেছেন, 'রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) বহু ক্ষেত্রেই পাইওনিয়ার। কর্মকর্তাদের নিষ্ঠা, পরিশ্রম ও আন্তরিকতাই এই সাফল্যের মূল চাবিকাঠি।'

আজ বৃহস্পতিবার সকালে নগর ভবনের সিটি হল সভাকক্ষে বিভাগীয় ও শাখা প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভার শুরুতে নবাগত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বিভাগীয় প্রধানরা। পরে কর্মকর্তাদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। সভায় সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম ও চলমান প্রকল্প নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

প্রশাসক ড. বজলুর রশীদ বলেন, “সিটি কর্পোরেশন মূলত জনসেবামূলক প্রতিষ্ঠান। জনগণের সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে। রাজশাহীর রয়েছে অসংখ্য অর্জন—এই ধারাবাহিকতা বজায় রেখে রাজশাহীকে বিশ্বমানের শহরে পরিণত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ চালিয়ে যেতে হবে।”

তিনি আরও বলেন, “রাজশাহী সিটি আজ যে অবস্থানে রয়েছে, আগামীকাল যেন তা আরও সমৃদ্ধ হয়—এই লক্ষ্যেই কাজ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত, বাসযোগ্য ও পরিবেশবান্ধব শহর গড়ে তোলাই আমাদের দায়িত্ব।”

সভায় রাসিকের চলমান অবকাঠামো উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা, নগরজুড়ে ছায়াযুক্ত বৃক্ষরোপণ, পরিবেশ উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রশাসক দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম। এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) রেজাউল আলম সরকার। উপস্থিত ছিলেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট ও হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন শাখা প্রধান ও কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, ড. আ. ন. ম. বজলুর রশীদ গত ১৮ নভেম্বর রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

Read more — উত্তরাঞ্চল
Home