
রাজশাহীতে ফেসবুক, মেসেঞ্জার, ইমো ও হোয়াটসঅ্যাপ আইডি হ্যাকিংয়ের সঙ্গে জড়িত নাজমুস সাকিব নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার দুপুরে নগরের রাজপাড়া এলাকা থেকে র্যাব-৫ এর রাজশাহী সদর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাজমুস সাকিব একটি সংগঠিত সাইবার প্রতারণা চক্রের সক্রিয় সদস্য। চক্রটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে বেআইনিভাবে প্রবেশ করে পাসওয়ার্ড পরিবর্তন করে আইডি নিয়ন্ত্রণে নেয়। এরপর ভুক্তভোগীর পরিচিতজনদের কাছে জরুরি প্রয়োজনে টাকা দরকার—এমন বার্তা পাঠিয়ে অর্থ আদায় করে প্রতারণা চালানো হতো।
র্যাব আরও জানায়, চলমান তদন্তে সাইবার অপরাধের একটি মামলায় সাকিবের সম্পৃক্ততা নিশ্চিত হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় করা একটি মামলার ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুস সাকিব স্বীকার করেছেন যে তিনি চক্রের অন্য পলাতক সদস্যদের সঙ্গে যোগসাজশে দীর্ঘদিন ধরে এসব প্রতারণামূলক কার্যক্রমে যুক্ত ছিলেন।
পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় র্যাব।

