উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীতে চার পুলিশ সদস্য বরখাস্ত

বিচারকের ছেলে হত্যার আসামির ভিডিও ভাইরাল
উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ১৬ নভেম্বর ২০২৫, ০১:০২ পূর্বাহ্ণ
রাজশাহীতে চার পুলিশ সদস্য বরখাস্ত

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন (১৮) হত্যার পর পুলিশ হেফাজতে থাকা আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচারিত হয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এই শাস্তিমূলক ব্যবস্থা নেন।

বরখাস্তকৃতরা রাজপাড়া থানায় কর্মরত ছিলেন। পরে তাদের প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

বরখাস্ত হওয়া চারজন হলেন—উপপরিদর্শক (এসআই) আবু শাহাদাত, কনস্টেবল আব্দুস সবুর, মাহফুজার রহমান ও মিঠু সরদার।

আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, দায়িত্ব পালনে অবহেলার কারণেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, “এই সংখ্যাটা আরও বাড়তে পারে। দ্বিগুণও হতে পারে। কার কার দায়িত্বহীনতা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

গত বৃহস্পতিবার দুপুরে শহরের ডাবতলা এলাকায় ভাড়া নেওয়া একটি ফ্ল্যাটে খুন হন নবম শ্রেণির ছাত্র তাওসিফ রহমান। একই হামলায় আহত হন তাঁর মা তাসমিন নাহার লুসী। ধস্তাধস্তির সময় হামলাকারীও আহত হন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর পুলিশ হেফাজতে নেওয়া হলে অভিযুক্ত লিমন মিয়া (৩৪) একটি টেলিভিশন ক্যামেরার সামনে কথা বলেন। পরে সেই ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। হেফাজতে থাকা আসামির বক্তব্য প্রচার হওয়া নিয়ে দায়িত্বহীনতার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।

এ ঘটনায় রাজশাহীর আদালতে একটি বিবিধ মামলা হয়েছে। আদালত শনিবার আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে শোকজ করেছেন। আগামী ১৯ নভেম্বরের মধ্যে তাকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। একই দিন আসামি লিমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

Read more — উত্তরাঞ্চল
Home