
নারীর প্রতি সহিংসতা ও শারীরিক নিপীড়নের প্রতিবাদে রাজশাহীর জিরোপয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় সচেতন নারী সমাজের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১২ নভেম্বর পবা উপজেলার হরিয়ান সুগার মিল এলাকায় ধানের শীষের পক্ষে প্রচারণা চালানো এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার সময় বিএনপি নেত্রী মোছা. নিলুফা জামায়াতে ইসলামীর কর্মী মো. নুরুল ইসলামের হাতে অকথ্য ভাষায় গালিগালাজ ও জুতাপেটার শিকার হন। এ ধরনের ঘটনা নারীর প্রতি চরম অসম্মানজনক এবং ঘৃণ্য।
বক্তারা অভিযোগ করে বলেন, “জামায়াতে ইসলামী নির্বাচিত হলে নারীর সম্মান রক্ষার কথা বললেও, নির্বাচনের আগেই নারী লাঞ্ছনার ঘটনা অত্যন্ত লজ্জাজনক। ৫ আগস্টের পর তারা নিজেদের ক্ষমতাসীন মনে করে দেশব্যাপী অপকর্ম চালাচ্ছে। কিন্তু মা–বোনের ইজ্জত নিয়ে খেলা চলতে দেওয়া হবে না।”
বক্তারা দেশে শান্তি–শৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান। পাশাপাশি নারী নির্যাতনে অভিযুক্ত নুরুল ইসলামকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান করেন।
মানববন্ধনে অন্যদের মধ্য উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনের মনোনীত সংসদ প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিএনপির কেন্দ্রীয় মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, রাজশাহী বিভাগ মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, রাজশাহী জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট সামসাদ বেগম মিতালী, রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সখিনা খাতুন প্রমুখ।

