উত্তরা প্রতিদিন
ঢাকা

পাঁচ দফা দাবিতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ১৪ নভেম্বর ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ণ
পাঁচ দফা দাবিতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ
মিছিলটি আলুপট্টি মোড় ঘুরে সাহেব বাজার হয়ে আবার গণকপাড়া মোড়ে এসে শেষ হয়

জুলাই সনদের বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে রাজশাহীতে বিক্ষোভসমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শুক্রবার দুপুর ২টায় নগরীর গণকপাড়া মোড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি আলুপট্টি মোড় ঘুরে সাহেব বাজার হয়ে আবার গণকপাড়া মোড়ে এসে শেষ হয়।

সমাবেশে বক্তারা দাবি করেন, ছাত্র–জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে পাওয়া ‘নতুন বাংলাদেশ’ কোনোভাবেই আবার স্বৈরাচারের দিকে যেতে পারে না। জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণ করে বিপ্লব-পরবর্তী সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমেই নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তারা বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনই একদলীয় শাসনব্যবস্থার অবসান ঘটাতে পারে।”

বক্তারা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত হবে কোনো প্ররোচনায় না পড়ে ছাত্র-জনতার আত্মত্যাগকে স্মরণ রাখা। যারা দেশে ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তারাই জুলাই সনদের বাস্তবায়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।

রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী মহানগরীর নায়েবে আমীর ও রাজশাহী সদর–২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্যপ্রার্থী ডা. মোহাম্মাদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, মো. শাহাদৎ হোসাইন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, শিল্প ও বাণিজ্য সেক্রেটারি অধ্যাপক এ কে এম সারওয়ার জাহান প্রিন্স, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ এবং সহকারী প্রচার ও মিডিয়া সম্পাদক মোস্তাফিজুর রহমান আশু প্রমুখ।

Read more — উত্তরাঞ্চল
Home