উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীতে ডেঙ্গুতে শিশুসহ দুইজনের মৃত্যু

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ১৪ নভেম্বর ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ণ
রাজশাহীতে ডেঙ্গুতে শিশুসহ দুইজনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতের বিভিন্ন সময়ে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। আজ শুক্রবার দুপুরে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মারা যাওয়া দু’জন হলেন—নওগাঁ জেলার সাড়ে পাঁচ বছর বয়সী শিশু সাবিহা এবং রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা মো. মিঠু (৩০)।

হাসপাতাল সূত্র জানায়, দীর্ঘ প্রায় ১৫ দিন জ্বর ও কাশিতে ভোগার পর গত ৬ নভেম্বর ভোরে সাবিহাকে রামেক হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেদিনই তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

অন্যদিকে, মিঠু পাঁচদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে তাকে রামেকের ৩০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার কয়েক ঘণ্টা পর রাত সাড়ে ৪টার দিকে তিনি মারা যান। মৃতদের কারও সাম্প্রতিক কোনো ভ্রমণ ইতিহাস ছিল না বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

হাসপাতালের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে রামেকে ৫ শিশুসহ ৪১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ২৪ জন পুরুষ ও ১২ জন নারী। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ১৬ জন ডেঙ্গু রোগী।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস জানান, চলতি মৌসুমে এখন পর্যন্ত রামেকে ১,৪০৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১,৩৪৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ মৌসুমে হাসপাতালে মোট ১৭ জনের মৃত্যু হয়েছে।

Read more — উত্তরাঞ্চল
Home