
রাজশাহীতে হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ প্রাঙ্গণে দাতব্য চিকিৎসালয়, মুসাফিরখানা ও লঙ্গরখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। দরগাহকে কেন্দ্র করে দাতব্য ও মানবকল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন হয়।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দরগাহ কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সবুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরগাহ ট্রাস্টি সদস্য ও দি মখদুম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. সুরায়েত রহমান রক্তিম আশরাফী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দরগাহ ট্রাস্টের সহ-সভাপতি মিজানুর রহমান মিজি, সাধারণ সম্পাদক ডা. তাওহীদুল মাজীদ, সাবেক সচিব আব্দুর রব হাওলাদার এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া জোনের ডিসি মীর সাফিন মাহমুদ।
আলোচনা সভায় প্রধান অতিথি ডিআইজি মোহাম্মদ শাহজাহান ধর্মীয় ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, “মানবসেবাই প্রকৃত ধর্মচর্চা। তবে দাতব্য সেবারও একটি মূল্য থাকা উচিত, যাতে মানুষ এর গুরুত্ব অনুধাবন করতে পারে।”
তিনি সমাজে নৈতিকতা, আত্মশুদ্ধি ও মসজিদভিত্তিক শিক্ষার প্রসার ঘটানোর প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
অন্যান্য বক্তারা বলেন, দরগাহকে কেন্দ্র করে এ ধরনের উদ্যোগ সমাজে মানবকল্যাণ, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন দরগাহ মসজিদের খতিব মাওলানা মোস্তাফিজুর রহমান কাশেমী। পরে অতিথিরা দরগাহ এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উপহারসামগ্রী বিতরণ করেন।
দরগাহ ট্রাস্টের তথ্য অনুযায়ী, দি মখদুম ফাউন্ডেশন দীর্ঘ ১৫ বছর ধরে দরগাহকেন্দ্রিক নানা দাতব্য ও সামাজিক কার্যক্রম পরিচালনা করছে। এসবের মধ্যে রয়েছে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ, দরিদ্র ও পথশিশুদের সুন্নতে খাতনা, চোখের ছানি অপারেশন, কিডনি ও ক্যান্সার রোগীদের সহায়তা, কোভিডকালীন সময়ে খাদ্য বিতরণসহ নানামুখী মানবসেবা কার্যক্রম।
নতুন এই প্রকল্পের মাধ্যমে আগত মুসাফিরদের জন্য থাকা-খাওয়ার পাশাপাশি চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। দরগাহ এলাকার দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ও সামাজিক সহায়তায় এটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেছেন।

