উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী আহত

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ১৩ নভেম্বর ২০২৫, ০৭:১৩ অপরাহ্ণ
রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী আহত

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে নগরীর ডাবতলা এলাকায় তাদের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

দুর্বৃত্তদের হামলায় বিচারক আবদুর রহমানের স্ত্রী তাসমিন নাহারও গুরুতর আহত হয়েছেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আর আটককৃত ব্যক্তির নাম লিমন মিয়া (৩৫)। তিনি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনের পাড়া ভবানীগঞ্জের এইচএম সোলায়মান শহীদের ছেলে। ঘটনার সময় লিমন নিজেও আহত হওয়ায় তিনি বর্তমানে পুলিশের হেফাজতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিচারক মোহাম্মদ আবদুর রহমানের গ্রামের বাড়ি জামালপুর জেলায়। তিনি পরিবার নিয়ে নগরীর ডাবতলা এলাকায় স্পার্ক ভিউ নামের ওই ভাড়া বাসায় বসবাস করতেন। তাওসিফ রহমান সুমন নবম শ্রেণিতে অধ্যয়নরত ছিল।

জানা যায়, লিমন বিকেলে বিচারকের বাড়িতে প্রবেশ করে সুমনকে ছুরি দিয়ে আক্রমণ করে, এতে সুমন গুরুতর আহত হয়। সুমনকে বাঁচানোর চেষ্টা করার সময় তার মা, তাসমিন নাহার লুসি, তিনিও আঘাত পান। পরে দুজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে ডাক্তাররা সুমনকে মৃত ঘোষণা করেন। এর আগে গত ৬ নভেম্বর সিলেটের জালালাবাদ থানায় লিমনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন সুমনের মা তাসমিন নাহার। জিডিতে তিনি লিমনের বিরুদ্ধে তার পরিবারকে বারবার হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করেছিলেন।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন বলেন, তাসমিন নাহারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে অস্ত্রপচার করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একজন দুর্বৃত্তকেও আটক করা হয়েছে। তাকেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান বলেন, ঘাতককে আটক করা হয়েছে। সেও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে দুর্বৃত্তরা তার বাসায় ঢুকে কেন এই হামলা চালিয়েছে তার বিস্তারিত কিছু জানা যায়নি। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Read more — উত্তরাঞ্চল
Home