উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীতে বিশেষ অভিযানে আওয়ামী লীগ-যুবলীগের তিন নেতাসহ গ্রেপ্তার ২৬

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ১৩ নভেম্বর ২০২৫, ০৬:০১ অপরাহ্ণ
রাজশাহীতে বিশেষ অভিযানে আওয়ামী লীগ-যুবলীগের তিন নেতাসহ গ্রেপ্তার ২৬

রাজশাহী মহানগরে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের তিনজন নেতাসহ ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) জানায়, বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার, অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—নগরের ১৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক ও পবা নতুনপাড়া পদ্মপুকুর এলাকার সমীরউদ্দিনের ছেলে মো. আলমগীর (৩২); বাগমারা উপজেলার ১১ নম্বর গণিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও তাহির একডালা এলাকার মৃত আব্বাস আলীর ছেলে মো. অহিদুল ইসলাম (৪৪) এবং রাজশাহী জেলা যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক ও চারঘাট উপজেলার মল্লিক মাড়িয়া এলাকার মৃত ওমর আলীর ছেলে মো. মুক্তার হোসেন (৪২)।

এ সময় অন্যান্য অভিযোগে আরও ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১০ জন, মাদক মামলায় ৫ জন এবং অন্যান্য মামলার ৮ জন আসামি রয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান জানান, ‘গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

Read more — উত্তরাঞ্চল
Home