
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মাবিয়া নামে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। আজ বৃহস্পতিবার দুপুরে রামেক হাসপাতাল থেকে পাঠানো এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মৃত শিশু মাবিয়া রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসিন্দা।
রামেক হাসপাতালের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮ নভেম্বর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে মাবিয়াকে হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরদিন সন্ধ্যা ৭টার দিকে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সোয়া ১০টার দিকে তার মৃত্যু হয়। শিশুটির কোনো ট্রাভেল হিস্ট্রি ছিল না।
প্রতিবেদনে আরও জানানো হয়, বর্তমানে রামেক হাসপাতালে ৭ শিশুসহ মোট ৪৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ২৮ জন পুরুষ ও ১৩ জন নারী। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন আরও ২৭ জন রোগী।
রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস জানান, চলতি মৌসুমে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩৪৯ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে এক হাজার ৩২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই মৌসুমে ডেঙ্গুতে মোট ১৫ জনের মৃত্যু হয়েছে।

