উত্তরা প্রতিদিন
ঢাকা

এক দফা দাবিতে রাজশাহী ওয়াসা কর্মচারীদের মানববন্ধন

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ১১ নভেম্বর ২০২৫, ০৪:০০ অপরাহ্ণ
এক দফা দাবিতে রাজশাহী ওয়াসা কর্মচারীদের মানববন্ধন

হাইকোর্টের রায়ের আলোকে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে এক দফা কর্মসূচি হিসেবে মানববন্ধন করেছে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়ন। আজ মঙ্গলবার সকাল ১০টায় নগরীর উপশহর এলাকায় রাজশাহী ওয়াসা ভবনের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ওয়াসার স্থায়ী ও অস্থায়ী সব কর্মচারী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, খুলনা ওয়াসার মতো রাজশাহী ওয়াসার মাস্টার রোলভুক্ত (অস্থায়ী) কর্মচারীদেরও অবিলম্বে স্থায়ীকরণের ব্যবস্থা করতে হবে। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কম বেতন ও অনিয়মিত ভাতা পেয়ে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে।

বক্তারা আরও বলেন, “একই অফিসে স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা যেখানে ভালো বেতন পান, সেখানে অস্থায়ী কর্মীরা সামান্য দৈনিক মজুরিতে কাজ করছেন। এতে পরিবারের খরচ, চিকিৎসা ও সন্তানের লেখাপড়ার ব্যয় মেটানো সম্ভব হচ্ছে না।”

তারা হাইকোর্টের রায়ের আলোকে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধি করার দাবি জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সভাপতি সফিকুল আলম। সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন কাজল, উপদেষ্টা নাসিম খান, আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জনি, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, সদস্য আব্দুল মান্নান, বাবলা, বাকী বিল্লাহ, শাহাবুল ও মুলতানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read more — উত্তরাঞ্চল
Home