উত্তরা প্রতিদিন
ঢাকা

নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই : রাজশাহীতে আসিফ নজরুল

উত্তরা প্রতিবেদক ৯ নভেম্বর ২০২৫, ১২:০২ অপরাহ্ণ
নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই : রাজশাহীতে আসিফ নজরুল

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর।

রোববার সকালে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, “নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই। অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উৎসবমুখর পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার, তা করা হবে।”

তিনি আরও বলেন, “রাজনৈতিক দলগুলো একে অপরের ওপর ও আমাদের (উপদেষ্টাদের) ওপর চাপ সৃষ্টি করতে বিভিন্ন কথা বলে। এসব কথার কিছু হয়তো সত্য থাকে, কিন্তু এতে জনমনে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়।”

আইন উপদেষ্টা বলেন, “১৬-১৭ বছর ধরে জাতীয় নির্বাচন হয়নি। এ কারণে মানুষের মধ্যে কিছুটা শঙ্কা আছে। প্রায় পাঁচ কোটি মানুষ কখনো ভোট দিতে পারেনি, তাই তাদের কাছে এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষ অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে।”

জামিন প্রসঙ্গে তিনি বলেন, “জামিন দেওয়া শুধু বিচারকের ওপর নির্ভর করে না; পুলিশ কী রিপোর্ট দিচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। যেখানে জামিন পাওয়ার যোগ্যতা আছে, সেখানে জামিন পেতেই পারে। তবে যারা জামিন পেয়ে একই ধরনের অপরাধ করতে পারে বা আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করতে পারে, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।”

আদালত সংস্কার প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, “একজন বিচারকের স্থলে আদালতে তিনজন বিচারক দেওয়া হচ্ছে, যাতে মামলার জট কমে। আদালত সংস্কারে আমরা নানান উদ্যোগ নিচ্ছি, এর সুফল অবশ্যই জনগণ পাবে।”

Read more — উত্তরাঞ্চল
Home