
রাজশাহীর তানোর ও গোদাগাড়ী উপজেলায় আকস্মিক বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে ডাসকো ফাউন্ডেশন। মানবিক সহায়তার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি দুই উপজেলায় মোট ৮০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে।
জানা যায়, গত ১ নভেম্বরের আকস্মিক বৃষ্টিতে দুটি উপজেলার বিভিন্ন এলাকায় বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এতে স্থানীয় জনজীবনে দেখা দেয় বিপর্যয়। ঘরবাড়ি হারিয়ে অনেক পরিবার বাধ্য হয়ে স্কুল ভবন ও রাস্তার ধারে অস্থায়ীভাবে আশ্রয় নেয়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে দেখা দেয় খাদ্য সঙ্কট।
ডাসকো ফাউন্ডেশনের এনগেজ প্রকল্পের আওতায় তানোর উপজেলার ৪৬টি এবং গোদাগাড়ী উপজেলার ৩৪টি পরিবারকে এই সহায়তা দেওয়া হয়। ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশ প্রকল্পটির আর্থিক সহায়তা দিয়েছে।
ত্রাণসামগ্রীর মধ্যে ছিল প্রতিটি পরিবারের জন্য ৮ কেজি চাল, ২ কেজি ডাল, ১ লিটার ভোজ্যতেল, ৩ কেজি আলু ও ৫০০ গ্রাম লবণ।
তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের ১৬টি, বাধাইর ইউনিয়নের ২টি, কলমা ইউনিয়নের ৪টি এবং সরঞ্জাই ইউনিয়নের ২৪টি পরিবারের হাতে ত্রাণ পৌঁছে দেওয়া হয়। অপরদিকে গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের ১৫টি, পাকড়ি ইউনিয়নের ৫টি এবং দেওপাড়া ইউনিয়নের ১৪টি ক্ষতিগ্রস্ত পরিবারকে এই সহায়তা প্রদান করা হয়।
ডাসকো ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়ে পড়া পরিবারগুলোকে সহায়তা করা এখন সবচেয়ে জরুরি। মানবিক প্রতিক্রিয়ার অংশ হিসেবে দ্রুত এই ত্রাণ বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনরুদ্ধারের প্রয়োজন অনুযায়ী সহায়তা অব্যাহত থাকবে বলেও প্রতিষ্ঠানটি জানিয়েছে।
স্থানীয়রা জানান, আকস্মিক বৃষ্টিতে অনেক পরিবার ঘরবাড়ি হারিয়ে চরম দুরবস্থায় পড়েছিল। এই সহায়তা তাদের জন্য এখন বড় আশীর্বাদ হিসেবে এসেছে। বিশেষ করে যারা এখনো নিজ ঘরে ফিরতে পারেননি বা খাদ্য নিরাপত্তার সঙ্কটে আছেন, তাদের জন্য এটি তাৎক্ষণিক বড় সহায়তা হয়ে দাঁড়িয়েছে।

