উত্তরা প্রতিদিন
ঢাকা

কোল সম্প্রদায়ের পাঁচ পরিবার উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

উত্তরা ডেস্ক ৪ নভেম্বর ২০২৫, ০৮:৫২ অপরাহ্ণ
কোল সম্প্রদায়ের পাঁচ  পরিবার উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং এলাকার আদিবাসী কোল সম্প্রদায়ের পাঁচটি পরিবারকে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী পরিষদ। মঙ্গলবার সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি গণেশ মার্ডি। বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, সহসভাপতি রাজকুমার শাও, প্রেসিডিয়াম সদস্য ক্রিষ্টিনা বিশ্বাস, সহসংগঠনিক সম্পাদক রূপচাঁদ এক্কা, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার পরিচালক ফয়জুল্লাহ্ চৌধুরী, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাসিবুল, বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামাল কাদেরী, আদিবাসী পরিষদের সদস্য আন্দ্রিয়াস বিশ্বাস, মেরিনা হাঁসদা, মুকুল বিশ্বাস, ছোটন সরদার, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক নিলুফা আহমেদ প্রমুখ।

আদিবাসী পরিষদের নেতা গণেশ মার্ডি বলেন, আদালতের একতরফা রায়ের ভিত্তিতে আদিবাসী পরিবারগুলোকে উচ্ছেদ করা হয়েছে। আদালতের কোনো নোটিশ ছাড়াই প্রশাসন অতিউৎসাহী হয়ে তাদের ঘরবাড়ি ভেঙে দেয়। খাট, চেয়ার, টেবিলসহ কোনো আসবাব বের করতে পারেননি ভুক্তভোগীরা। ঘরবাড়ি হারিয়ে বাঁশঝাড়ের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার পরিচালক ফয়জুল্লাহ্ চৌধুরী বলেন, জমিগুলো কোল সম্প্রদায়ের মানুষেরই। ১৯৫০ সালের টেনেন্সি আইনের ৯৭ ধারায় আদিবাসীদের কাছ থেকে ভূমি ক্রয়ে জেলা প্রশাসনের অনুমতি প্রয়োজন। এ ক্ষেত্রে কোনো অনুমতি নেওয়া হয়নি। প্রকৃত মালিককে হিন্দু দেখিয়ে জমি রেজিস্ট্রি করে নেওয়া হয়েছে। জমির রেজিস্ট্রির এ প্রক্রিয়া সঠিক নয়। এ জমি আদিবাসীদেরই রয়ে গেছে। অবিলম্বে উচ্ছেদ হওয়া পরিবারগুলোর পুনর্বাসন, জমির মালিকানা ফিরিয়ে দেওয়া এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং গ্রামে ২৭ অক্টোবর আদালতের উচ্ছেদ আদেশে আদালতের প্রতিনিধি ও থানা-পুলিশের উপস্থিতিতে কোল জনগোষ্ঠীর পাঁচটি পরিবারকে উচ্ছেদ করা হয়। পরিবারগুলোর সদস্য সংখ্যা ১৫ থেকে ২০। উচ্ছেদের পর থেকে তারা একটি বাঁশঝাড়ের নিচে রাতযাপন করছেন।

 

Read more — উত্তরাঞ্চল
Home