
রাজশাহীতে পৃথক ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে নগরীর হেতেমখাঁ এলাকায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল ইউনিটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহী জেনারেল হাসপাতালে ডেন্টাল ইউনিট দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে। এখানে ইতোমধ্যে প্রয়োজনীয় অবকাঠামো, আধুনিক সরঞ্জাম ও পর্যাপ্ত জনবলসহ সব সুবিধা বিদ্যমান। তাই এই বিদ্যমান অবকাঠামোকে কাজে লাগিয়ে রাজশাহীতে একটি স্বতন্ত্র ডেন্টাল কলেজ প্রতিষ্ঠা করা সময়োপযোগী ও বাস্তবসম্মত উদ্যোগ হবে।
অংশগ্রহণকারীরা আরও বলেন, রাজশাহী অঞ্চলের শিক্ষার্থীদের মানসম্মত ডেন্টাল শিক্ষা নিশ্চিত করা এবং স্থানীয় জনগণের উন্নত মুখগহ্বর ও দন্তচিকিৎসা সেবা প্রদানের জন্য দ্রুত রাজশাহী ডেন্টাল কলেজ স্থাপন জরুরি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ডেন্টাল ইউনিটের ইন্টার্ন প্রেসিডেন্ট ডা. মো. নাসরুল্লাহ শেখ, লেকচারার ডা. মো. মাহফুজুর রহমান রাজ, শিক্ষার্থী গোলাম মর্তুজা বাধন, পরিতোষ রায়, মো. রুহুল কুদ্দুস, আফরিনা আক্তার ও ইন্টার্ন নিহাল রহমান প্রমুখ।

