উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীতে প্রজনন স্বাস্থ্য নিয়ে পথনাটক “আমরা বদলে যাচ্ছি”

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ১ নভেম্বর ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ণ
রাজশাহীতে প্রজনন স্বাস্থ্য নিয়ে পথনাটক “আমরা বদলে যাচ্ছি”

যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (এসআরএইচআর)— একটি বিষয় যা নিয়ে এখনও আমাদের সমাজে অনেক লজ্জা, দ্বিধা আর কুসংস্কার ঘিরে থাকে। অথচ এ বিষয়েই কথা বলাটা সবচেয়ে জরুরি, বিশেষত তরুণ প্রজন্মের মধ্যে। তাই প্রচলিত বক্তৃতা বা সেমিনারের গণ্ডি পেরিয়ে রাজশাহীতে এবার সচেতনতার হাতিয়ার হয়েছে পথনাটক।  

রাজশাহীর লালন শাহ মুক্ত মঞ্চে আজ শনিবার বিকেলে মঞ্চস্থ হয়েছে “আমরা বদলে যাচ্ছি” এই পথনাটকটি। প্রজনন স্বাস্থ্য, প্রশিক্ষণ ও শিক্ষা কর্মসূচির (আরএইচস্টেপ) সহযোগিতায় এবং ‘আনলকিং ইয়ুথ পটেনশিয়াল’ (ইউওয়াইপি) প্রকল্পের আয়োজনে নাটকটি মঞ্চস্থ হয়।

নাটকের বিষয়বস্তু বয়ঃসন্ধিকালীন পরিবর্তন, বাল্যবিবাহ, মাদকের ক্ষতিকর প্রভাব ও স্বাস্থ্য সচেতনতা— তবে কোনো বক্তৃতার ভাষায় নয়, বরং তরুণদের নিজের জীবনের অভিজ্ঞতার গল্পে। যা ছিল প্রাণবন্ত, প্রাসঙ্গিক এবং গভীর বার্তাবহ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড্রামা অ্যাসোসিয়েশনের সহযোগিতায় অনুষ্ঠিত “আমরা বদলে যাচ্ছি”–নাটকের প্রতিটি দৃশ্যে ফুটে উঠেছে বাস্তব জীবনের গল্প— কৈশোরে বিভ্রান্তি, কুসংস্কারের বেড়াজাল, বাল্যবিবাহের চাপ, আর তার বিপরীতে শিক্ষার আলো ও সচেতনতার সাহস। এই নাটক শুধু বিনোদন নয়— এটি এক সামাজিক আন্দোলনের অংশ। যে সমাজে যৌন ও প্রজনন স্বাস্থ্য এখনো ট্যাবু, সেখানে এই উদ্যোগ যেন এক সাহসী পদক্ষেপ। রাজশাহীর তরুণদের কণ্ঠে তাই বার্তা স্পষ্ট— “পরিবর্তন শুরু হোক আমাদের থেকেই।”

নগরীর শতশত মানুষ— কিশোর-কিশোরী থেকে শুরু করে শিক্ষক, অভিভাবক ও স্বাস্থ্যকর্মীরা— উপভোগ করেছেন নাটকটি। কেউ ভাবনায় মগ্ন, কেউবা করতালিতে উৎসাহ দিয়েছেন তরুণ শিল্পীদের। নাটক শেষে অনুষ্ঠিত হয় উন্মুক্ত আলোচনা, যেখানে দর্শকেরা নিজেদের অভিজ্ঞতা ও প্রশ্ন ভাগ করে নেন।

ইউওয়াইপি প্রকল্প সচেতনতার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণে জোর দিয়েছে। এতে স্কুলের ৮ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থী, তরুণ সমাজকর্মী, শিক্ষক ও প্রতিবন্ধীসহ সুবিধাবঞ্চিত তরুণদেরও সম্পৃক্ত করা হয়।

প্রকল্পটি সাত ধাপে বাস্তবায়িত হয়— প্রশিক্ষণ, স্ক্রিপ্ট রচনা, মহড়া, নাট্য উপস্থাপন, প্রতিফলন, আলোচনা ও পর্যালোচনা। প্রতিটি ধাপে তরুণদের মতামত ও সৃজনশীলতা যুক্ত হয়েছে সক্রিয়ভাবে।

নাটকের শেষে একসঙ্গে উচ্চারিত হয় এক কণ্ঠে এক প্রতিজ্ঞা—“আমরাই বদলে দেব সমাজ, সচেতনতায় গড়ে তুলব সমতার পৃথিবী।”

ইউওয়াইপি প্রকল্পের প্রজেক্ট অফিসার দিপ্তী সরকার অনুষ্ঠানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ড্রামা অ্যাসোসিয়েশনের মেন্টর জেসমিন আক্তার পলি, অভিভাবক ফারজানা আলো এবং স্থানীয় দৈনিক উত্তরা প্রতিদিন পত্রিকার সম্পাদক এনায়েত করিম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউওয়াইপি প্রকল্পের যুব কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম।

Read more — উত্তরাঞ্চল
Home