উত্তরা প্রতিদিন
ঢাকা

বরেন্দ্র অঞ্চলে জলবায়ু অভিযোজনে অংশীজন সভা অনুষ্ঠিত

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২৯ অক্টোবর ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ণ
বরেন্দ্র অঞ্চলে জলবায়ু অভিযোজনে অংশীজন সভা অনুষ্ঠিত

বরেন্দ্র অঞ্চলে জলবায়ু স্থিতিস্থাপকতা, অভিযোজন বিষয়ে রাজশাহীতে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার হোটেল ওয়ারিশানে এই সভার আয়োজন করে অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি), সহযোগিতা করে অক্সফাম ইন বাংলাদেশ।

সভায় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, নারী ও আদিবাসী নারী কৃষক, স্থানীয় যুব ও গণমাধ্যম প্রতিনিধিসহ ২৫ জন অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. দীপকেন্দ্র নাথ দাস। শুরুতে প্রকল্পের সার্বিক তথ্য উপস্থাপন করেন “কাল্টিভেটিং চেঞ্জ” প্রকল্পের সমন্বয়কারী সুব্রত কুমার পাল।

সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এটিএম গোলাম মাহবুব বলেন, “জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে আমাদের নিজেদের জায়গা থেকেই উদ্যোগ নিতে হবে। বরেন্দ্র অঞ্চলকে জলবায়ু সহনশীল করতে সবার সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।”

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কবির হোসেন বলেন, “জলবায়ু সংকটে নারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। নারীর নেতৃত্বে জলবায়ু অভিযোজন এবং ঐতিহ্যগত কৃষি জ্ঞান কাজে লাগানো জরুরি।”

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. দীপকেন্দ্র নাথ দাস বলেন, “খরা পরিস্থিতি মোকাবিলায় ঐতিহ্যগত চাষাবাদ পদ্ধতির সঙ্গে আধুনিক প্রযুক্তির সংযোগ ঘটাতে হবে। পানি সংরক্ষণে সবাইকে ভূমিকা রাখতে হবে।”

একজন নারী কৃষক অলিভিয়া বিশ্বাস বলেন, “আগে আমরা একধরনের ফসল করতাম, এখন বৈচিত্র্য এনেছি। এতে খরার সময়ও কিছু ফসল টিকে যায়, জীবিকা চলে।”

বক্তারা বলেন, বরেন্দ্র অঞ্চলে খরা পরিস্থিতি দিন দিন তীব্র হচ্ছে, যার ফলে খাদ্য উৎপাদন ও জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। টেকসই কৃষি পদ্ধতি, পানি সংরক্ষণ ও স্থানীয় জ্ঞানের ব্যবহারই জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার কার্যকর উপায় হতে পারে।

সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বিএসএস) বিশেষ প্রতিনিধি ড. আইনুল হক, বন বিভাগের ডেপুটি রেঞ্জার মো. আমজাদ হোসেন, কৃষি তথ্য সার্ভিসের দেলোয়ার হোসেন, সিনিয়র সাংবাদিক মামুন অর রশীদ ও শরীফ সুমন, নারী নেত্রী আলিমা খাতুন লিমা এবং ব্র্যাকের সহকারী জেলা সমন্বয়ক ফারজানা নাসরিন।

Read more — উত্তরাঞ্চল
Home