উত্তরা প্রতিদিন
ঢাকা

নগরীতে জনস্বাস্থ্য সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২৯ অক্টোবর ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ণ
নগরীতে জনস্বাস্থ্য সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত

রাজশাহীতে প্রজনন স্বাস্থ্য, প্রশিক্ষণ ও শিক্ষা কর্মসূচির (আরএইচস্টেপ) প্রস্তাবিত প্রকল্প ‘অপরাজেয় তারুণ্য (ইউওয়াইপি প্রজেক্ট)’-এর উদ্যোগে জনস্বাস্থ্য সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগরীর মহিষবাথান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এর মধ্যে ছিল—ওজন ও উচ্চতা পরিমাপ, রক্তচাপ মাপা, রক্ত ও ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় এবং পুষ্টিবিদের মাধ্যমে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক পরামর্শ প্রদান।

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ে সার্বিক সহযোগিতা করে রাজশাহী জোন ও রাজশাহী কলেজ ইউনিটের স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন ‘বাঁধন’। এছাড়া, পুষ্টিবিদগণ অংশগ্রহণকারীদের সঠিক খাদ্যাভ্যাস, স্বাস্থ্যকর জীবনধারা ও রোগপ্রতিরোধ বিষয়ে পরামর্শ দেন।

মহিষবাথান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও মহিষবাথান কলোনির বিভিন্ন পেশার মানুষ ও সুবিধাবঞ্চিত নাগরিকরা এই কার্যক্রমে অংশগ্রহণ ও সেবা গ্রহণ করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এক ঘণ্টাব্যাপী সচেতনতামূলক সেশন নেন ইউওয়াইপি প্রকল্পের যুব কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম। তিনি বয়ঃসন্ধি ও বাল্যবিবাহ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় দুইজন পুষ্টিবিদ স্বাস্থ্য ও খাদ্যাভ্যাস নিয়ে সচেতনতা মূলক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএইচস্টেপ রাজশাহী ইউনিটের ম্যানেজার মো. মামুনুর রহমান। প্রধান অতিথি ছিলেন মহিষবাথান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওবায়দুল হক। বিশেষ অতিথি ছিলেন মহিষবাথান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা সাজ্জাদ, তিন সদস্যবিশিষ্ট পুষ্টিবিদ দল এবং তিন সদস্যবিশিষ্ট মেডিকেল টেকনোলজিস্ট টিমের সদস্যরা।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় দৈনিক উত্তরা প্রতিদিন পত্রিকার সম্পাদক এনায়েত করিম এবং অপরাজেয় তারুণ্য প্রকল্পের প্রজেক্ট অফিসার দিপ্তী সরকার।

কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান ও বিশেষ অতিথিরা যৌথভাবে। পরে তারা বুথ পরিদর্শন করে সেবা গ্রহণ করেন। অতিথিরা অপরাজেয় তারুণ্যের জনকল্যাণমূলক এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।

Read more — উত্তরাঞ্চল
Home