উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীতে জনস্বাস্থ্য সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২৮ অক্টোবর ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ণ
রাজশাহীতে জনস্বাস্থ্য সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত

রাজশাহীতে প্রজনন স্বাস্থ্য, প্রশিক্ষণ ও শিক্ষা কর্মসূচির (আরএইচস্টেপ) প্রস্তাবিত প্রকল্প ‘অপরাজেয় তারুণ্য (ইউওয়াইপি প্রজেক্ট)’–এর উদ্যোগে জনস্বাস্থ্য সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার নগরীর তালাইমারি শহিদ মিনার সংলগ্ন আলোর পাঠশালা মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে জনস্বাস্থ্য সচেতনতা কার্যক্রমে অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হয়, যার মধ্যে ছিল ওজন ও উচ্চতা পরিমাপ, রক্তচাপ মাপা, রক্ত ও ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় এবং পুষ্টিবিদের মাধ্যমে স্বাস্থ্য ও পুষ্টি পরামর্শ।

বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ে সার্বিক সহযোগিতা করে রাজশাহী জোন ও রাজশাহী কলেজ ইউনিটের স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন ‘বাঁধন’। এছাড়া, পুষ্টিবিদগণ অংশগ্রহণকারীদের সঠিক খাদ্যাভ্যাস, স্বাস্থ্যকর জীবনধারা ও রোগপ্রতিরোধ বিষয়ে পরামর্শ দেন। আলোর পাঠশালার শিক্ষার্থী, স্থানীয় কিশোর-কিশোরী ও কমিউনিটির তিন শতাধিক মানুষ এ সেবাগুলো গ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএইচস্টেপ রাজশাহীর ইউনিট ম্যানেজার মো. মামুনুর রহমান। প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের সচিব মো. শামীম আহমেদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোর পাঠশালার প্রধান শিক্ষক রেজিনা খাতুন, তিন সদস্যবিশিষ্ট পুষ্টিবিদ দল ও তিন সদস্যবিশিষ্ট মেডিকেল টেকনোলজিস্ট টিমের সদস্যরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহীর স্থানীয় দৈনিক উত্তরা প্রতিদিন পত্রিকার সম্পাদক এনায়েত করিম এবং অপরাজেয় তারুণ্য প্রকল্পের প্রজেক্ট অফিসার দিপ্তী সরকার। পুরো কার্যক্রমটি তত্ত্বাবধান করেন ইউওয়াইপি প্রকল্পের যুব কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম।

এর আগে, প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা যৌথভাবে কার্যক্রমের উদ্বোধন করেন এবং বুথ পরিদর্শন করে সেবা গ্রহণ করেন। অতিথিরা অপরাজেয় তারুণ্যের এমন জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।

 

Read more — উত্তরাঞ্চল
Home