
মঞ্চ— কখনও বিনোদনের, কখনও প্রতিবাদের, কখনও আবার শিক্ষার শক্তিশালী হাতিয়ার। এই শক্তিকে এবার ব্যবহার করা হয়েছে এক ভিন্ন উদ্দেশ্যে— যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (এসআরএইচআর) বিষয়ে সচেতনতা সৃষ্টিতে।
রাজশাহীতে ‘আনলকিং ইয়ুথ পটেনশিয়াল’ (ইউওয়াইপি) প্রকল্পের উদ্যোগে এবং প্রজনন স্বাস্থ্য, প্রশিক্ষণ ও শিক্ষা কর্মসূচির (আরএইচস্টেপ)-এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী থিয়েটার ফর এসআরএইচআর বিষয়ক পথনাটক “আমরা বদলে যাচ্ছি”।
সোমবার তালাইমারী শহীদ মিনারে মঞ্চস্থ হওয়া নাটকটি শতশত দর্শকের হৃদয় ছুঁয়ে যায়। কেননা, আমাদের সমাজে যৌন ও প্রজনন স্বাস্থ্য নিয়ে কথা বলা এখনও অনেকের কাছে নিষিদ্ধ বিষয়। কিশোর-কিশোরীরা বেড়ে ওঠে বিভ্রান্তি ও কুসংস্কারের মধ্যে। অথচ এই বয়সেই প্রয়োজন সঠিক তথ্য, আত্মবিশ্বাস এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি। আরএইচস্টেপ ও অপরাজেয় তারুণ্য ইউওয়াইপি বুঝতে পেরেছে, প্রচলিত বক্তৃতা নয়— সচেতনতার সবচেয়ে কার্যকর মাধ্যম হতে পারে নাটক। তাই ব্যতিক্রমী থিয়েটার ফর এসআরএইচআর বিষয়ক পথনাটকের আয়োজন করা হয়, যেখানে তরুণদের নিজেদের অভিজ্ঞতাই হয়ে উঠেছে মূল কাহিনি। রাজশাহীর তরুণরা এই উদ্যোগে নিজেরাই রচনা করেছে পথনাটক “আমরা বদলে যাচ্ছি”।
নাটকে ফুটে উঠেছে কিশোর-কিশোরীদের জীবনের বাস্তব গল্প—বয়ঃসন্ধিকালীন পরিবর্তন, বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, লজ্জা ও দ্বিধার মধ্যে বেড়ে ওঠা, এবং সচেতনতার আলোর খোঁজে তাদের আত্মপ্রচেষ্টা। সংলাপগুলো ছিল সরল, অথচ গভীর বার্তাবহ। দর্শকেরা অনুভব করেছেন— এসব কাহিনি তাঁদের চারপাশের জীবনেরই প্রতিচ্ছবি।
এই কর্মসূচিতে অংশ নেয় স্থানীয় স্কুলের ৮ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থী, তরুণ সমাজকর্মী, শিক্ষক ও স্বাস্থ্যকর্মীরা। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে ইনক্লুসিভ পার্টিসিপেশন-এ— ছেলে-মেয়ে উভয়ই, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত তরুণদের সম্পৃক্ত করা হয়েছে সমানভাবে। এ উদ্যোগের মাধ্যমে তরুণরা শুধু তথ্যই পাচ্ছে না, বরং নিজেরা ভাবছে সমাজে তাদের ভূমিকা, দায়িত্ব ও সম্ভাবনা নিয়েও।
থিয়েটার ফর এসআরএইচআর প্রকল্পটি সাতটি ধাপে বাস্তবায়িত হয়— প্রশিক্ষণ, স্ক্রিপ্ট রচনা, মহড়া, নাট্য উপস্থাপন, প্রতিফলন, আলোচনা ও পর্যালোচনা।
প্রতিটি ধাপে তরুণদের মতামত ও সৃজনশীল অবদান রাখা হয়। নাটক শেষে অনুষ্ঠিত হয় দর্শকদের সঙ্গে উন্মুক্ত আলোচনা, যেখানে ওঠে প্রশ্ন, অভিজ্ঞতা ও সামাজিক বাস্তবতার গল্প।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড্রামা অ্যাসোসিয়েশনের সহযোগিতায় মঞ্চস্থ “আমরা বদলে যাচ্ছি” নাটকটি দর্শকদের মধ্যে গভীর প্রভাব ফেলে। কেউ নীরবে ভাবনায় মগ্ন, কেউ আবার করতালিতে ভাসিয়ে দেয় তরুণ শিল্পীদের। নাটক শেষ হয় এক প্রতিজ্ঞায়—“আমরাই বদলে দেব সমাজ, সচেতনতায় গড়ে তুলব সমতার পৃথিবী।”
আরএইচস্টেপ রাজশাহীর ইউনিট ম্যানেজার মো. মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের সচিব মো. শামীম আহমেদ। ইউওয়াইপি প্রকল্পের ইয়ুথ অফিসার মো. ফরিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ড্রামা অ্যাসোসিয়েশনের মেন্টর ইকবাল হোসেন; গ্রামীণ ব্যাংকের এজিএম মিহির ভট্ট ও রাজশাহীর স্থানীয় দৈনিক উত্তরা প্রতিদিন পত্রিকার সম্পাদক এনায়েত করিম। এসময় স্বাগত বক্তব্য দেন ইউওয়াইপি প্রকল্পের প্রজেক্ট অফিসার দিপ্তী সরকার।

