উত্তরা প্রতিদিন
ঢাকা

কৃষকদের বাদ রেখে খাদ্য নিরাপত্তা সম্ভব নয়: খাদ্য উপদেষ্টা

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২৭ অক্টোবর ২০২৫, ০২:৫৯ অপরাহ্ণ
কৃষকদের বাদ রেখে খাদ্য নিরাপত্তা সম্ভব নয়:  খাদ্য উপদেষ্টা

কৃষকদের বাদ রেখে দেশের খাদ্য নিরাপত্তা হবে না মন্তব্য করে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, কৃষকরা এ দেশের খাদ্য নিরাপত্তার ফ্রন্ট লাইনের সোলজার (যোদ্ধা), একদম সামনের কাতারের সৈনিক। তাদের বাদ রেখে দেশের খাদ্য নিরাপত্তা হবে না।

আজ সোমবার দুপুরে রাজশাহী সার্কিট হাউসে বিভাগের খাদ্যবান্ধব কর্মসূচি ও আমন সংগ্রহ ২০২৫-২০২৬ এর প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদকিদের এসব কথা বলেন তিনি।

আলী ইমাম মজুমদার বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি পর্যন্ত ক্ষমতায় আছে। এ সময় পর্যন্ত প্রয়োজনীয় খাদ্য মজুত অতীতের তুলনায় বেশি থাকবে। কিছু চাল আমদানি করতে হতে পারে, তবে আগের বছরের তুলনায় তা অনেক কম। এবার চাল সংগ্রহে মানকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। কেননা, খাদ্য উৎপাদনের ব্যয় বাড়ছে, এটা মাথায় রেখে গতবারের চেয়ে বোরো মৌসুমে কেজিতে ৪ টাকা করে বেশি দাম দেওয়া হয়েছে। সরকার বেশি দাম দিয়ে কিনছে। এবার আমনের ব্যাপারেও সরকার ঠিক করবে কৃষকের খরচ আসলে কত হয়েছে। কৃষকের লাভ রেখেই ফুলড প্লানিং কমিটির থেকে সেই দাম নির্ধারণ করে দেওয়া হবে।  

তিনি আরও বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে সরকার নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য সাশ্রয়ের মধ্যে রাখতে সক্ষম হয়েছে। চার মাসে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে, এটি চলমান থাকবে। পাশাপাশি আসন্ন বোরো মৌসুমে ভালো ফলনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রাজশাহী অঞ্চলকে দেশের খাদ্য গুদাম হিসেবে আখ্যায়িত করে খাদ্য উপদেষ্টা বলেন, খাদ্য উৎপাদন ও মজুত দুটোই পর্যাপ্ত থাকবে। নিম্ন আয়ের মানুষের মাঝে ভালো মানের চাল বিতরণ করা হচ্ছে। চালের ব্যাপক চাহিদা থাকায় কিছুটা আমদানি প্রয়োজন হচ্ছে। এখন চাল শুধু মানুষের খাবার নয়, পশু-পাখি, গরু-ছাগল ও মাছের খাদ্য হিসেবেও ব্যবহৃত হয়। তবে আমরা এবার গতবারের মত ব্যাপক আকারে আমদানি করবো না। এবছর সর্বোচ্চ চার লাখ মেট্রিকটন চাল আমদানী করবো।

এসময় রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহম্মেদসহ বিভাগের আট জেলার জেলা প্রশাসক ও খাদ্য বিভাগের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Read more — উত্তরাঞ্চল
Home