
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর উদ্যোগে রাজশাহীর চারঘাট উপজেলায় পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতে নকল ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) চারঘাট বাজারে অভিযান চালিয়ে বিএসটিআই অনুমোদনবিহীন, নকল ও ক্যান্সার সৃষ্টিকারী নিষিদ্ধ স্কিন ক্রিম—গৌরী, চাঁদনী, ডিউ ও নূরসহ বিভিন্ন প্রসাধনী বিক্রির অভিযোগে মেসার্স শিমুল প্রসাধনীকে ছয় হাজার টাকা এবং মেসার্স জুয়েল কসমেটিকস অ্যান্ড হাসিনা স্টোরকে চার হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রায় দশ হাজার টাকার সমমূল্যের নিষিদ্ধ কসমেটিকস পণ্যও জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চারঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাতুল করিম মিজান এর নেতৃত্বে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগের প্রকৌশলী জুনায়েদ আহমেদ। অভিযানে চারঘাট থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে নকল ও নিম্নমানের প্রসাধনী বিক্রির বিরুদ্ধে এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

