
রাজশাহীর বাঘা উপজেলায় পারিবারিক কলহের জেরে একই দিনে পৃথক স্থানে দুই গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে সুলতানপুর ও রাতে কেশবপুর গ্রামে এ মর্মান্তিক দুটি ঘটনা ঘটে।
প্রথম ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরে উপজেলার সুলতানপুর গ্রামে। নিহত গৃহবধূর নাম মোছা. সোহাগী খাতুন (২৫)। তিনি ওই গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী এবং আজিজুল হক ও আকলিমা বেগমের কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের এক পর্যায়ে অভিমান করে সোহাগী গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলেন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, মঙ্গলবার গভীর রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে আরেক গৃহবধূ আত্মহত্যা করেন। নিহত মনীসা খাতুন (১৯) ওই গ্রামের মুনসাদের কন্যা এবং আজাদ হোসেনের স্ত্রী। স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে মনীসা নিজ ঘরে বাঁশের তিরে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. ফ. ম. আছাদুজ্জামান বলেন, “দুটি ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মনীসার লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সোহাগীর মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

