
রাজশাহীর পুঠিয়ায় বন্ধুর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি জুয়েল (৩৫)–কে গ্রেপ্তার করেছে র্যাব-৫। জুয়েল নাটোর সদর উপজেলার জয়রামপুর গ্রামের নবাবের ছেলে।
র্যাব জানায়, গত শুক্রবার সন্ধ্যায় নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের হালতি এলাকায় অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেপ্তার করা হয়। পরদিন শনিবার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগীর স্বামীর সঙ্গে বন্ধুত্বের সুবাদে জুয়েলের তাদের বাড়িতে আসা–যাওয়া ছিল। গত ৭ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে সে পুঠিয়া উপজেলার ওই বাড়িতে এসে বন্ধুকে ডাকতে থাকে। তখন ভুক্তভোগী জানান, তার স্বামী ভ্যান নিয়ে বাইরে গেছেন। এরপর জুয়েল ঘরে বসার কথা বলে জোর করে ভেতরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ভুক্তভোগী নিজে বাদী হয়ে পুঠিয়া থানায় জুয়েলের নামে ধর্ষণ মামলা করেন। মামলার পর পুলিশ ও র্যাব সমান্তরালভাবে তদন্ত শুরু করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর একটি দল শুক্রবার অভিযান চালিয়ে নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি এলাকা থেকে জুয়েলকে গ্রেপ্তার করে। পরে তাকে পুঠিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

