
রাজশাহীতে শুরু হচ্ছে ৩০তম ইন্টারন্যাশনাল (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৫। শনিবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন।
এ উপলক্ষে শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে রাজশাহী টেনিস কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও টুর্নামেন্ট ডিরেক্টর মোহাম্মদ হাবিবুর রহমান।
তিনি বলেন, আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায়, বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহযোগিতায় এবং রাজশাহী টেনিস কমপ্লেক্সের ব্যবস্থাপনায় এ আসর আয়োজন করা হচ্ছে। টুর্নামেন্টটি চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত।
এবারের চ্যাম্পিয়নশিপে স্বাগতিক বাংলাদেশসহ বিশ্বের ১১টি দেশের ৫২ জন খেলোয়াড় এবং ১০ জন ম্যানেজার অংশ নিচ্ছেন। এর মধ্যে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে ১৪ জন বালক ও ৭ জন বালিকা।
অংশগ্রহণকারী অন্যান্য দেশের তালিকা হলো—ভারত (৬ বালক, ৪ বালিকা), দক্ষিণ কোরিয়া (৪ বালক), যুক্তরাষ্ট্র (১ বালক), থাইল্যান্ড (৫ বালক), জাপান (১ বালক ও ১ বালিকা), চীন (৪ বালিকা), মালদ্বীপ (২ বালিকা), চাইনিজ তাইপে (১ বালক), সিঙ্গাপুর (১ বালক) এবং হংকং (১ বালক)।
তিনি আরও জানান, শনিবার (৪ অক্টোবর) ও রোববার (৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে কোয়ালিফাইং রাউন্ডের খেলা। আর সোমবার (৬ অক্টোবর) থেকে শুরু হবে মূল পর্বের খেলা, যা বিরতিহীনভাবে চলবে। দেশের এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

