
বগুড়ার আদমদীঘিতে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের আরেক বন্ধু গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২ অক্টোবর) রাত ১২টার দিকে উপজেলার ছাতিয়ানগ্রাম রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—সান্তাহার ইউনিয়নের বামনীগ্রামের মৃত নয়ন হোসেনের ছেলে তৌফিক হোসেন (১৯) ও হেলাল হোসেনের ছেলে মারুফ হোসেন (১৯)। আহত আকাশ (১৯) একই গ্রামের আব্দুর রহিমের ছেলে।
স্থানীয়রা জানান, দুর্গাপূজা উপলক্ষে তিন বন্ধু মোটরসাইকেলযোগে ছাতিয়ানগ্রামে ঘুরতে যান। রাত ১২টার দিকে বাড়ি ফেরার পথে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেন তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তৌফিক ও মারুফ মারা যান। গুরুতর আহত আকাশকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, নিহতদের মরদেহ পরিবারের আবেদনের ভিত্তিতে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

