উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীতে অটোর ধাক্কায় শিশুছাত্রীর মৃত্যু

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪২ অপরাহ্ণ
রাজশাহীতে অটোর ধাক্কায় শিশুছাত্রীর মৃত্যু

রাজশাহীর গোদাগাড়ীতে দ্রুতগামী ব্যাটারিচালিত এক অটোরিকশার ধাক্কায় ইসলামিক ফাউন্ডেশনের শিশু শিক্ষা কেন্দ্রের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার বড়গাছি এলাকার প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মোছা. মাইমুনা আক্তার আসমা (৪)। সে বড়গাছি গ্রামের মো. হামিম হোসেনের কন্যা। বিষয়টি নিশ্চিত করেছেন গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো ওইদিন সকালেও আসমা শিশু শিক্ষা কেন্দ্রে পড়াশোনা শেষে বাড়ি ফিরছিল। পথিমধ্যে প্রধান সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রেমতলী মেডিকেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর অটোরিকশার চালক পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, বেপরোয়া অটোচালকদের কারণে গ্রামীণ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্ত চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Read more — উত্তরাঞ্চল
Home