
চার দিন পর অবশেষে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। মালিক ও শ্রমিকদের মধ্যে ঢাকায় এক বৈঠকের পর সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে বাস চলাচল শুরু হয়। এর আগে গত বৃহস্পতিবার রাতে মালিকপক্ষ এই তিন জেলা থেকে বাস চলাচল বন্ধ করে দেয়।
সোমবারের বৈঠকে সিদ্ধান্ত হয়, ঢাকা থেকে রাজশাহী কিংবা চাঁপাইনবাবগঞ্জ রুটে চালক ১ হাজার ৭৫০ টাকা, সুপারভাইজার ৭৫০ টাকা ও হেলপার ৬৫০ টাকা পাবেন। ঢাকা-কানসাট কিংবা ঢাকা-রহনপুর রুটে চালক পাবেন ১ হাজার ৯৫০ টাকা, সুপারভাইজার ৮০০ টাকা ও হেলপার ৭০০ টাকা। আগে খোরাকি ভাতা ছিল ২১০ টাকা। সেটি বাড়িয়ে ৩০০ টাকা করা হয়েছে। তবে যাত্রাপথে শ্রমিকেরা বিনাটিকিটের যাত্রী তুলতে পারবেন না।
এর আগে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ৮ ও ৯ সেপ্টেম্বর ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখে শ্রমিকরা। সে সময় মালিকদের আশ্বাসে কাজে ফেরেন তারা। কিন্তু দাবি পূরণ না হওয়ায় ২২ সেপ্টেম্বর আবারও কর্মবিরতির ডাক দেন শ্রমিকরা। পরে দাবি মেনে নেওয়া হলেও মালিকপক্ষ অভিযোগ তোলে, অযৌক্তিক কিছু দাবি আনছেন শ্রমিকেরা। এ অবস্থায় গত বৃহস্পতিবার রাত থেকে মালিকপক্ষ হঠাৎ দূরপাল্লার বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়।
উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল বলেন, ‘যাত্রীদের ভোগান্তি লাঘবে কয়েকদিন থেকেই মালিক ও শ্রমিকদের মধ্যে একটা সমঝোতার চেষ্টা করে আসছিলাম। এরই অংশ হিসেবে ঢাকার গাবতলীতে উভয় পক্ষের মধ্যে বৈঠক হয়েছে। দুই পক্ষের সমঝোতায় আপাতত বাস চলাচল শুরু হয়েছে।’

