
বিশ্ব নদী দিবস উপলক্ষে রাজশাহীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী জেলা কমিটি ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বক্তারা বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ হলেও ভারতের আগ্রাসী নীতি ও ফারাক্কা বাঁধের কারণে দেশের নদীগুলো আজ মারাত্মক সংকটে পড়েছে। খরা মৌসুমে পদ্মা নদী পানিশূন্য হয়ে পড়ে, চরে পরিণত হয় এবং সেচব্যবস্থা ভেঙে পড়ে। এতে কৃষি বিপর্যয়ের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। দূষিত পানি ব্যবহারের ফলে নানা রোগ ছড়িয়ে পড়ছে।
সমাবেশে অভিযোগ করা হয়, রাজনৈতিক প্রভাবশালীরা পদ্মা নদীর দীর্ঘ অংশ দখল করে স্থাপনা নির্মাণ করছে। অবৈধভাবে বালু উত্তোলনও অব্যাহত থাকলেও পানি উন্নয়ন বোর্ডসহ প্রশাসন এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে। ইতোমধ্যে পদ্মার প্রায় ১৭ মিটার বাঁধ দখল করে স্থায়ী স্থাপনা নির্মাণ করা হয়েছে। বক্তারা সতর্ক করেন, দখল ও দূষণ অব্যাহত থাকলে একদিন রাজশাহী শহর নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।
তারা আরও বলেন, নদী শুধু পানি নয়; এটি প্রকৃতি, সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের অন্যতম প্রধান ভিত্তি। নদী রক্ষা মানেই জনজীবন, কৃষি ও পরিবেশ রক্ষা করা। তাই অবিলম্বে নদী দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, গঙ্গা চুক্তির কার্যকর বাস্তবায়ন এবং নদী ও জলাধার সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাপা রাজশাহী জেলা সভাপতি মাহাবুব হোসেন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক ও বাপার সাবেক সভাপতি জামাত খান, বাপার সাধারণ সম্পাদক সেলিনা বেগম, গ্রীন ভয়েস রাজশাহী কলেজ শাখার সভাপতি রাবেয়া খাতুন, জাতীয় আদিবাসী পরিষদের সংগঠনিক সম্পাদক সুভাস চন্দ্র হেমভ্রম, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জুয়েল কিবরিয়া, বাপার ক্রীড়া সম্পাদক গোলাম নবী রনি, বাপার কোষাধ্যক্ষ জাহিদ হাসন, সমাজকর্মী সম্রাট রায়হান, রাজশাহী কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির, মওলানা আল-আমিন, মুক্তিযুদ্ধ গবেষক ওয়ালিউর রহমান বাবু প্রমুখ।

