
রাজশাহীর চারঘাট উপজেলায় পুকুর থেকে রুপো খাতুন (৮০) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ সেপ্টেম্বর) তালবাড়িয়া গ্রামের রমজানের বাড়ির সামনে সরকারি পুকুর থেকে ভাসমান অবস্থায় অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়।
নিহত রুপো খাতুন উপজেলার বামনীদহ পরানপুর গ্রামের মৃত শুকুর আলীর স্ত্রী।
স্থানীয় বাসিন্দারা জানান, কাপড় পড়া অবস্থায় ওই বৃদ্ধার লাশ পুকুরে ভাসছিল। খবর পেয়ে স্বজনেরা এসে লাশটি শনাক্ত করেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত বৃদ্ধার বড় ছেলে নওশাদ জানান, তার মা মানসিক রোগী ছিলেন। আমার ছোট বোন বেদেনার বাড়ি বামনীদহ পরানপুর হতে গত বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুজির করে কোন সন্ধান পাইনি। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ দেখে নিশ্চিত হয়।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকতার নির্দেশে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

